Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কোভিডের মতোই এবার যক্ষ্মা রোধে টিকাকরণ

কোভিডের মতোই এবার যক্ষ্মা রোধে টিকাকরণ
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: কোভিড ভ্যাকসিনের মতোই এবার যক্ষ্মা দূরীকরণে শিবির করে প্রাপ্ত বয়স্কদের বিসিজি টিকাকরণ করা হবে। রাজ্যের সাতটি জেলা হাসপাতালের সঙ্গে রামপুরহাট স্বাস্থ্যজেলাতেও পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি শুরু হবে নতুন বছরের শুরু থেকে। ছ’টি ক্যাটেগরিতে ভাগ করে এই স্বাস্থ্যজেলার মোট জনসংখ্যার ৩০ শতাংশ মানুষকে এই টিকাকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি সিএমওইচ-১ অমিতাভ সাহা। যক্ষ্মামুক্ত ভারত অভিযান শুরু করেছে কেন্দ্র। লক্ষ্য, ২০২৫ সালের মধ্যে দেশ থেকে যক্ষ্মাকে সম্পূর্ণভাবে নির্মূল করা। এরজন্য ‘নিক্ষয় মিত্র’ নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পে পর্যাপ্ত পুষ্টির জন্য রোগীদের ‘নিউট্রিশন কিট’ দেওয়া হয়। যক্ষ্মা রোগীদের কমপক্ষে এক বছর এবং সর্বোচ্চ ৩ বছরের জন্য দত্তক নেওয়ার ব্যবস্থাও রয়েছে। যাতে তাদের খাদ্য, পুষ্টি, জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা যায়। যে কেউ স্বাস্থ্য দপ্তরের অনুমতি সাপেক্ষে যক্ষ্মা রোগীকে দত্তক নিতে পারেন। এবার যক্ষ্মা নির্মূল কর্মসূচির অঙ্গ হিসাবে প্রাপ্ত বয়স্কদের বিসিজি টিকাকরণে জোর দেওয়া হচ্ছে। রামপুরহাট স্বাস্থ্যজেলার এক কর্তা বলেন, জন্মের সঙ্গে সঙ্গে বিসিজি ভ্যাকসিন দেওয়া হলেও আজীবন সেই টিকা কার্যকর থাকে না। তাই, ফি বছর এই রোগে আক্রান্ত নতুন নতুন রোগী পাওয়া যাচ্ছে। বর্তমানে এই স্বাস্থ্যজেলায় যক্ষ্মা আক্রান্তের সংখ্যা প্রায় ১ হাজার ৭০০ জন। তাই, এই টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই স্বাস্থ্যজেলায়  মোট জনসংখ্যা ১৬ লক্ষ ৫০ হাজারের মতো। তার মধ্যে ছ’টি ক্যাটেগরিতে ভাগ করে ৩০ শতাংশ মানুষকে এই টিকা দেওয়া হবে। এক, যাদের ৬০ বছরের উপরে বয়স। দুই, যারা ১৮ বছরের নিচে ও খুব রোগা পাতলা। তিন, যাদের ডায়াবেটিস রয়েছে। চার, ধৃমপান করেন। পাঁচ, যাঁরা পাঁচ বছরের মধ্যে টিবি রোগে আক্রান্ত হয়েছিলেন। ছয়, যাঁদের বাড়িতে তিনবছরের মধ্যে টিবি রোগী ছিল। অমিতাভবাবু বলেন, আশা ও স্বাস্থ্যকর্মী ঘুরে ঘুরে সার্ভের কাজ শুরু করেছেন। এই মাসের মধ্যেই তা শেষ হবে। এরপর জানুয়ারি থেকে মার্চে মাসের মধ্যে টিকাকরণ সম্পন্ন করা হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ