Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কোভিড ওয়ার্ডে ইন্ডোর চালুর ভাবনা দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে

কোভিড ওয়ার্ডে ইন্ডোর চালুর ভাবনা দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চোপড়া: চোপড়ার দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ইন্ডোরের সঙ্গে কোভিড  ওয়ার্ডকে জুড়তে করিডর নির্মাণ শুরু হয়েছে। এবার কোভিড  ওয়ার্ডে ইন্ডোর পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে ব্লক স্বাস্থ্যদপ্তরের। করিডরের কাজের বরাত পাওয়া ঠিকাদারদের সূত্রে খবর, পূর্তদপ্তরের মাধ্যমে কাজের টেন্ডার হয়েছে। কাজের জন্য ১৫লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। চিকিৎসকদের একাংশের বক্তব্য ৩০ বেডের এই স্বাস্থ্যকেন্দ্রে দু’কক্ষ বিশিষ্ট  ইন্ডোরে অনেকসময় রোগীদের গাদাগাদি করে থাকতে হচ্ছে। এমন পরিস্থিতিতে ২৪টি বেডে রোগীদের থাকার ব্যবস্থা রয়েছে। জায়গার অভাবে বাকি বেড রাখা যায়নি। অনেক সময় ৩৫থেকে ৪০জন রোগী ভর্তি রাখতে হচ্ছে। 
Advertisement
অন্যদিকে,  ইন্ডোরে কাজ করা চিকিৎসকদের জন্যও সেরকম ভালো ঘরের ব্যবস্থা নেই। রোগীদের গাদাগাদি করে না রেখে পাশের কোভিড  ওয়ার্ডে মেল বা ফিমেল যে কোনও একটি  ওয়ার্ড  আপাতত শিফট করলে অনেকটাই সমস্যা মিটবে বলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অনেকের অভিমত।
একদিকে যেমন  ইন্ডোরে ঘরের সমস্যা রয়েছে, একইভাবে আউটডোরে একই সমস্যা তৈরি হয়েছে। একটিমাত্র ঘরে এক টেবিলে একাধিক চিকিৎসককে বসে রোগী দেখতে হচ্ছে। তাতে সমস্যাও হচ্ছে। ইন্ডোর থেকে  কোভিড  ওয়ার্ড মাত্র  ৫০মিটারের মধ্যে হলেও সংযোগের জন্য করিডোরের অভাবে সমস্যা এতদিন জিইয়ে ছিল। করিডর চালু হয়ে গেলে এই সমস্যা মিটে যাবে বলেই আশা। এই ব্যাপারে বিএমওএইচ  ড: রণজিৎ  সাহা বলেন, বর্তমানে  ইন্ডোর ও কোভিড  ওয়ার্ডের মধ্যে করিডোর তৈরির কাজ শুরু হয়েছে। এই করিডর তৈরি হলে  ইন্ডোর পরিষেবায় অনেক সুবিধা হবে। কাজ শেষ হলে বেড পাতার চিন্তাভাবনা রয়েছে।
সম্পর্কিত সংবাদ