সংবাদদাতা, শান্তিনিকেতন: রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের আঁকা ছবি ও শিল্পকর্ম সাধারণ মানুষকে দেখার সুযোগ করে দিল বিশ্বভারতী। শুক্রবার শান্তিনিকেতনের নন্দন আর্ট গ্যালারিতে কবিগুরুর ৭৮টি ছবি ও দু’টি শিল্পকর্ম নিয়ে শুরু হল প্রদর্শনী। যা চলবে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত। এদিন এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বিনয়কুমার সোরেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের হেরিটেজ সেলের জয়েন্ট কো-অর্ডিনেটর স্বাতী গঙ্গোপাধ্যায়, কলা ভবনের অধ্যাপক সঞ্জয়কুমার মল্লিক, শিশির শাহানা সহ অন্যান্যরা। এই প্রদর্শনীর দায়িত্বে রয়েছেন কলাভবনের অবসরপ্রাপ্ত অধ্যাপক আর শিব কুমার।
Advertisement
বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, কবিগুরু তাঁর জীবনের অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর থেকে ছবি আঁকতে শুরু করেন। তবে তাঁর ছবি কোন নির্দিষ্ট ভাবধারায় আঁকা নয়। সে কারণেই দুষ্প্রাপ্য এই ছবিগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কলাভবনের পড়ুয়া থেকে শুরু করে শিল্প অনুরাগীরা এই প্রদর্শনীতে কবিগুরুর ছবিগুলি থেকে অনেক কিছুই শিখতে পারবেন। শান্তিনিকেতনে আগত পর্যটকরা কবিগুরুর নিজের আঁকা ছবি চাক্ষুষ করতে পেরে অভিভূত হবেন।



