নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বিশ্ববিদ্যালয়ের যাবতীয় প্রশাসনিক কাজকর্ম মূলত পরিচালিত হয় বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল বা কর্মসমিতির বৈঠকের সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে। বিশ্ববিদ্যালয়ের বাজেট, নিয়োগ থেকে শুরু করে সম্পত্তি বিষয়ক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে প্রয়োজন ইসির সিলমোহর। এহেন গুরুত্বপূর্ণ ইসি বৈঠকই প্রায় তিন বছর হয়নি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে। উপাচর্য পরিবর্তন নিয়ে বার বার উত্তাল হয়েছে শিল্পাঞ্চলের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয়। যার জেরে শিক্ষা প্রতিষ্ঠানের মূল কাজগুলিই অধরা থেকে গিয়েছিল। অবশেষে ৮ ফেব্রুয়ারি ২০২৪ সালের পর এই প্রথম ৪ ডিসেম্বর ইসির বৈঠক হতে চলেছে। তিন বছরে একগুচ্ছ পদক্ষেপ আটকে রয়েছে বৈঠক না হওয়ার কারণে। বৈঠকে অধ্যাপক, অফিসারদের পদোন্নতি থেকে পরিকাঠামো উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া হয়, সে দিকেই তাকিয়ে সকলেই।
মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন এই বিশ্ববিদ্যালয় তৈরি হয়। প্রথম উপাচার্য হন সাধন চক্রবর্তী। দীর্ঘদিন তিনি উপাচার্য ছিলেন। বিশ্ববিদ্যালয়ে একের পর এক বিল্ডিং গড়ে ওঠে। নতুন নতুন পাঠ্যক্রম চালু হয়। পরবর্তী কালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতের অন্ধকারে বহু গাছ কেটে নেওয়া সহ একাধিক বিষয়ে তাঁর প্রতি ক্ষোভ জমে অধ্যাপক, পড়ুয়াদের মধ্যে। ছাত্রী, অধ্যাপক, শিক্ষাকর্মীদের আন্দোলনের জেরে একপ্রকার পদত্যাগ করতে বাধ্য হন তিনি। ১৩ মার্চ ২০২৩ সালে তাঁর করা ইসিও অবৈধ বলে আদালতে মামলা করেন বিশ্ববিদ্যালয়ের একাংশ। পরবর্তীকালে ভারপ্রাপ্ত উপাচার্য হন দেবাশিষ বন্দ্যোপাধ্যায়। পূর্বতন উপাচার্যের সঙ্গে তৎকালীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর আদালতে নানা বিষয়ে যুদ্ধ চলতে থাকে। পরবর্তীকালে তাঁদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, পড়ুয়াদের উন্নয়নে বরাদ্দ টাকা খরচ হচ্ছে আদালতের আইনজীবীদের ফি দিতে। যা নিয়ে নতুন করে ছাত্র আন্দোলন শুরু হয়। তিনিও ২০ আগস্ট ২০২৫ সালে পদত্যাগ করেন। তাঁর আমলে শেষ ইসি বৈঠক হয়েছে ৮ ফেব্রুয়ারি ২০২৪ সালে। সেই ইসি বৈঠকের সিদ্ধান্ত নিয়েও নানা প্রশ্ন রয়েছে। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন হয়ে থাকার পর ৩০ অক্টোবর ২০২৫ সালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসাবে দায়িত্ব নিয়েছেন উদয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর এক বছর দায়িত্ব নেওয়ার পরও ইসির বৈঠক না হওয়ার নিয়ে প্রশ্ন উঠতে থাকে। কেন্দ্রের নতুন শিক্ষানীতি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সেই পাঠ্যক্রম গ্রহণ করার সিদ্ধান্তও এখনও ইসি বৈঠকে অনুমোদিত হয়নি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বাজেট পেশ করে শিক্ষাক্ষেত্রের পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা গৃহীত হওয়ার কথা রয়েছে। বিশেষ করে পূর্ববর্তী ইসির নেওয়ার সিদ্ধান্ত গুলি বজায় থাকে কিনা, সেদিকেও সবার নজর রয়েছে। অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি থেকে অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের অফিসারদের পদন্নোতির বিষয় আলোচনা হবে বলে জানা গিয়েছে। কলকাতায় এই বৈঠক হতে চলেছে।



