সংবাদদাতা, হলদিবাড়ি: গাজন উপলক্ষ্যে রবিবার কাঠাম নৃত্যগীতি হল দেওয়ানগঞ্জ হাটে। স্থানীয় রাজবংশী সম্প্রদায়ের মানুষ বাঁশ ও কাগজের তৈরি কাঠাম নিয়ে দেওয়ানগঞ্জের হাটে ঢাকের তালে নৃত্য প্রদর্শন করে। কাঠাম দেখার জন্য সেখানে বিপুল জনসমাগম হয়েছিল। প্রবল উৎসাহ ও উন্মাদনার সৃষ্টি হয়। বিভিন্ন এলাকা থেকে আসা কাঠামগুলির মধ্যে শিল্প নৈপুণ্যেরও যেন এক অলিখিত প্রতিযোগিতা দেখা যায়। একে ঘিরেই প্রাক্ গাজন উৎসবে মেতে ওঠে সীমান্ত এলাকার মানুষ।
প্রসঙ্গত, সময়ের সঙ্গে হারিয়ে যেতে বসেছে বাংলার ঐতিহ্য কাঠাম নৃত্য ও গান। তবে কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের কিছু রাজবংশী সম্প্রদায়ের মানুষ আজও নিজেদের ঐতিহ্য বহন করে চলেছে। উদ্যোক্তাদের মধ্যে নগেন বর্মন জানান, কাঠাম হল বিভিন্ন দেবদেবী ও পশুর আকৃতির কাঠামো। যা বাঁশ ও রঙিন কাগজ দিয়ে তৈরি করা হয়। প্রতিটি কাঠামোর ভেতরে একজন করে মানুষ ঢুকে কাঠামটিকে বহন করে চলে।
আরএক উদ্যোক্তা শিবেন বর্মন জানান, কাঠামগুলিতে মূলত রামায়ণ, মহাভারতের মতো বিভিন্ন পৌরাণিক চরিত্র ও কাহিনির বিবরণ তুলে ধরা হয়। এছাড়াও সাম্প্রতিক আর্থসামাজিক ঘটনাবলীও অনেক সময় কাঠামের মাধ্যমে তুলে ধরা হয়।
পৌরাণিক চরিত্রের পাশাপাশি দেখা যায় পশু পাখিদের কাঠাম। হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কাঠাম নৃত্যের নির্দেশক নয়ন বর্মন বলেন, ঐতিহ্য ধরে রাখাটা এখন অনেক কঠিন ব্যাপার। নতুন প্রজন্ম এর থেকে মুখ ফেরাচ্ছে।