আজ তিনদিনের মুম্বই সফরে কেট-উইলিয়াম
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: আজ, সোমবার তিনদিনের মুম্বই সফরে আসছেন ওয়েলসের যুবরাজ উইলিয়াম ও যুবরানি ক্যাথরিন (কেট)। বার্ষিক ‘আর্থশট প্রাইজ’ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে দ্বিতীয়বার ভারত সফরে আসছে ব্রিটিশ রাজদম্পতি। এবারের সফরে পরিবেশরক্ষা, উদ্ভাবন, ভারতীয় চলচ্চিত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তাঁরা। পাশাপাশি ভারতের সঙ্গে ব্রিটেনের সম্পর্কের কথাও তুলে ধরবেন রাজা তৃতীয় চার্লসের পুত্র ও পুত্রবধূ। ১৪ নভেম্বর বিবৃতি দিয়ে এবিষয়ে আরও তথ্য প্রকাশ্যে এনেছে কেনসিংটন প্রাসাদ। জানা গিয়েছে, সোমবার মুম্বইয়ের গলি ক্রিকেট দিয়ে সফর শুরু করবেন কেট-উইলিয়াম। এরপর গণপরিবহণে পরিবেশবান্ধব ব্যবস্থার গুরুত্ব তুলে ধরতে মুম্বই মেট্রোয় সওয়ার হবেন ওয়েলসের যুবরাজ। পরিবেশ সংক্রান্ত সমস্যার সমাধান খুঁজতে আলোচনা সভায় যোগ দেবেন তিনি। দ্বিতীয় দিন, মঙ্গলবার ‘আর্থশট প্রাইজ’-এর চূড়ান্ত পর্বের প্রতিযোগীদের সঙ্গে দেখা করবেন চার্লস-পুত্র। একইসঙ্গে ‘চিলড্রেনস আর্থশট অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে কেটের সঙ্গে উপস্থিত থাকবেন তিনি। সেদিন বিকেলে মূল ‘আর্থশট প্রাইজ’ দেওয়া হবে। জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সহ বিভিন্ন ইস্যু নিয়ে কাজের জন্য পাঁচজনকে স্বীকৃতি জানানো হবে। বুধবার একটি প্রসূতি হাসপাতালে যাবেন কেট। উইলিয়ামের সঙ্গে হস্তশিল্প সংক্রান্ত একটি প্রতিষ্ঠানেও যাবেন তিনি। করণ জোহরের প্রযোজনা সংস্থা ‘ধর্মা প্রোডাকশনস’-এর দপ্তরে গিয়ে সফর শেষ করবেন ব্রিটিশ দম্পতি। ক্যানসার থেকে সুস্থ হওয়ার পর এই প্রথমবার ‘আর্থশট প্রাইজ’ প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উইলিয়াম-পত্নী। 

Advertisement