Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

মহিলাদের ফাইনালে ক্যারোলিনা মুচোভা, উত্তেজনার পারদ চড়িয়ে মুখোমুখি সিনার-জোকার

কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামটি জিতেছিলেন ২০২৩-এর সেপ্টেম্বরে। তারপর দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে ২৫তম মেজর ট্রফির খরা। অল ইংল্যান্ড ক্লাবের ঘাসের কোর্টে এবার যন্ত্রণামুক্তির আশায় নোভাক জকোভিচ।

মহিলাদের ফাইনালে ক্যারোলিনা মুচোভা, উত্তেজনার পারদ চড়িয়ে মুখোমুখি সিনার-জোকার
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামটি জিতেছিলেন ২০২৩-এর সেপ্টেম্বরে। তারপর দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে ২৫তম মেজর ট্রফির খরা। অল ইংল্যান্ড ক্লাবের ঘাসের কোর্টে এবার যন্ত্রণামুক্তির আশায় নোভাক জকোভিচ। বয়স চল্লিশ ছুঁইছুঁই। কিন্তু জোকারের খেলায় যে এতটুকু ধার কমেনি, তার প্রমাণ মিলেছে শেষ আটের ম্যাচে। কানাডার ফেলিক্স আলিয়াসিমের বিরুদ্ধে সার্বিয়ান কিংবদন্তি জিতেছেন পাঁচ সেটের থ্রিলারে। ৫ ঘণ্টা ১৫ মিনিটের দমবন্ধ করা লড়াই, উইম্বলডনের ইতিহাসে যা দীর্ঘতম কোয়ার্টার-ফাইনাল। তারপর ৪৮ ঘণ্টা কাটতে না কাটতে ফের এক কঠিন পরীক্ষার মুখে সপ্তম বাছাই জকোভিচ। শুক্রবার সেমি-ফাইনালে তাঁর প্রতিপক্ষ জানিক সিনার। শীর্ষ বাছাই ইতালিয়ান তারকাও রয়েছেন দুর্ধর্ষ ফর্মে। পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে তরতরিয়ে এগচ্ছেন তিনি। ২৪ বছর বয়সি টগবগে যুবকের বিরুদ্ধে ৩৯ বছরের জোকারের কাজটা নিঃসন্দেহে কঠিন। তবুও আত্মবিশ্বাসী দেখাচ্ছে সার্বিয়ান মহারথীকে। পুরুষদের সিঙ্গলসে দিনের অপর সেমি-ফাইনালে মুখোমুখি হবেন দ্বিতীয় বাছাই আলেকজান্ডার জেরেভ ও আর্থার ফ্রে। 

Advertisement

এদিকে, বৃস্পতিবার মহিলাদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন ক্যারোলিনা মুচোভা। রুদ্ধশ্বাস শেষ চারের লড়াইয়ে ২৯ বছরের চেক খেলোয়াড় ৬-২, ১-৬, ৭-৬ (১২-১০) সেটে হারিয়েছেন সপ্তম বাছাই কোকো গফকে। খেতাবি যুদ্ধে মুচোভা খেলবেন লিন্ডা নোসকোভা ও মার্তা কস্টিউকের মধ্যে অপর ম্যাচের বিজয়ীর।

Advertisement
সম্পর্কিত সংবাদ