লখনউ: বাংলাকে হারিয়ে ইতিমধ্যে রনজির ফাইনালে পৌঁছে গিয়েছে জম্মু ও কাশ্মীর। খেতাবি লড়াইয়ে তাদের প্রতিপক্ষও মোটামুটি পাকা। অন্য সেমি-ফাইনালে উত্তরাখণ্ডের বিরুদ্ধে কর্ণাটকের হারার সম্ভাবনা কার্যত নেই। প্রথম ইনিংসে দেবদূত পাদিক্কাল (২৩২), লোকেশ রাহুল (১৪১) ও রবিচন্দ্রন স্মরনের (১৩৫) দাপটে কর্ণাটক তোলে ৭৩৬। জবাবে উত্তরাখণ্ড ২৩৩ রানেই গুটিয়ে যায়। ফাইনালের আগে ব্যাটিং প্র্যাকটিসের জন্যই প্রতিপক্ষকে ফলো-অন করাননি ক্যাপ্টেন দেবদূত পাদিক্কাল। চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে কর্ণাটকের স্কোর ৬ উইকেটে ২৯৯। ফের শতরান করেছেন রবিচন্দ্রন স্মরন (১২৭)। ৭০ রানে ক্রিজে আছেন লোকেশ রাহুল। করুণ নায়ার (৮), মায়াঙ্ক আগরওয়াল (২১) অবশ্য ব্যর্থ। ক্যাপ্টেন পাদিক্কাল দ্বিতীয় ইনিংসে এখনও নামেননি ব্যাট করতে।



