Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

দু’বছরের মধ্যেই ফের কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোট, প্রস্তুতি

দু’বছরের মধ্যে ফের ভোট হতে চলেছে কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কে

দু’বছরের মধ্যেই ফের কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোট, প্রস্তুতি
  • ২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: দু’বছরের মধ্যে ফের ভোট হতে চলেছে কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কে। ডেলিগেট হিসেবে নির্বাচিত তৃণমূলের নেতারা গণইস্তফা দেওয়ার পর ২৫ জুন প্রশাসক বসানো হয়েছিল। সেইসঙ্গে বোর্ড গঠনের জন্য ভোটের প্রস্তুতি পর্বও শুরু হয়। গত ২৪ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। নিয়ম অনুযায়ী তালিকা প্রকাশের ৪০ দিনের মধ্যে ভোট হবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তার ২৫ দিনের মধ্যে ভোটগ্রহণ হবে। ব্যাঙ্কের প্রশাসক হিরোজ মাইতি বলেন, ‘খসড়া ভোটার তালিকা ২৪ তারিখ প্রকাশিত হয়েছে। তার ৪০ দিনের মধ্যে ব্যাঙ্কের নির্বাচন সম্পন্ন হবে।’

Advertisement

কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের মোট ১০৮ জন ডেলিগেটের মধ্যে জুনের মাঝামাঝি নাগাদ অর্ধেকের বেশি ইস্তফা দেন। তারপরই ব্যাঙ্কের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। ওই মাসেই সরে দাঁড়ান চেয়ারম্যান তরুণকুমার মাইতি এবং ভাইস চেয়ারম্যান তরুণকুমার জানা। তারপর গত ২৫ জুন জয়েন্ট রেজিস্ট্রার অফ কো-অপারেটিভ সোসা‌ই঩টি হিরোজ মাইতিকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। হিরোজবাবু বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের সিইও পদে রয়েছেন। বোর্ড ভেঙে যাওয়ার পর পুনরায় ভোটের প্রক্রিয়া শুরু হয়। ওই প্রক্রিয়ার মধ্যে সবার আগে ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়। সেইমতো ওই ব্যাঙ্কের ১৬টি শাখায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। 
বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দীর্ঘদিন কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদ সামলেছেন। এই ব্যাঙ্কের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। বিজেপি ক্ষমতায় আসার পর ওই ব্যাঙ্কে তৃণমূলের পক্ষে বোর্ড ধরে রাখা সম্ভব নয়, সেটা জোড়াফুলের নেতারা বিলক্ষণ বুঝেছিলেন। সেই মতো তাঁরা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ২০২৪ সালে ১৬ ডিসেম্বর দেশের মধ্যে প্রথম আধা সেনা দিয়ে ওই সমবায়ে ভোট হয়। বিজেপির পক্ষ থেকে সমবায় নির্বাচনে আধা সেনা মোতায়েন করার দাবি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। সর্বোচ্চ আদালতের নির্দেশে আধা সেনা দিয়ে ভোট হয়েছিল। মোট ১০৮টি আসনের মধ্যে তৃণমূল ১০২ এবং বিজেপি ছ’টি আসনে জয়ী হয়েছিল। তারপর ডিরেক্টর নির্বাচন হয় এবং শেষে বোর্ড গঠন হয়।
তৃণমূল কংগ্রেস কিংবা অন্য বিরোধী দল প্রার্থী দিলে সেক্ষেত্রে নির্বাচন হবে। অন্যথায় বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড গঠন করে নিতে পারে। ভোটের বিজ্ঞপ্তি জারি হলেই এনিয়ে আভাস মিলবে বলে মনে করা হচ্ছে। এখানে ভোট হবে নাকি বিজেপির বিনা ভোটে বোর্ড গঠন করবে, সেটাই লক্ষ্যনীয় বিষয়। পূর্ব ভারতের মধ্যে শীর্ষস্থানীয় শহরাঞ্চলীয় কো-অপারেটিভ ব্যাঙ্ক হল কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্ক। মোট সদস্য ৮২ হাজার। মূলধন প্রায় ২২০৪ কোটি টাকা। ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত এই ব্যাঙ্কের বোর্ড বিজেপির নিয়ন্ত্রণে যাওয়া সময়ের অপেক্ষা বলে ওয়াকিবহাল মহল মনে করছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ