উজ্জ্বল রায়, ধূপগুড়ি: ছাব্বিশের বিধানসভা ভোটকে সামনে রেখে ফের শক্তিশালী হচ্ছে পৃথক রাজ্যের দাবিতে কয়েকটি সংগঠনকে নিয়ে তৈরি কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। আগামী বিধানসভা ভোটে এককভাবে লড়ার চিন্তাভাবনা করছে এই সংগঠন। এমনকী এবার পৃথক রাজ্য সহ কেএলও চিফ জীবন সিংহ ও কেএলও (কেএন) চিফ ডিএল কোচকে সামনে রেখে আন্দোলন শুরু করতে চাইছে এই সংগঠন। আগামী ২০ জুলাই অসমের বঙ্গাইগাঁওতে ধর্না এবং অসমের মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করবেন সংগঠনের সদস্যরা। ধর্না কর্মসূচিতে উত্তরবঙ্গ ও অসম থেকে ২০ হাজারের মতো মানুষকে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে এগচ্ছে সংগঠন। ওয়াকিবহাল মহলের ধারণা, জীবন সিংহকে সামনে রেখে বিধানসভা ভোটের আগে পৃথক রাজ্যের দাবিতে রাজনৈতিক ‘অস্থিরতা’ সৃষ্টির চেষ্টা চালানোর চক্রান্ত চলছে। যদিও এর পিছনে প্রত্যক্ষ মদত রয়েছে বিজেপির, এমনই দাবি তৃণমূল কংগ্রেসের। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মদতেই প্রকাশ্যে উত্তরবঙ্গব্যাপী এই ষড়যন্ত্র চলছে। আসলে উনি দেখাতে চাইছেন তাঁর পিছনে কত লোক।



