উৎসব শেষ হতেই কল্যাণী পুরসভার সাফাই অভিযান
  • ২৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: দুর্গোৎসব মিটতেই বৃহস্পতিবার সকালে সাফাই অভিযানে নামল কল্যাণী পুরসভা। পুজোর দিনগুলিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ দর্শনার্থীর সমাগম হয়েছিল কল্যাণীতে। বিপুল ভিড়ের জেরে শহরের স্বাভাবিক চলাচল ও পরিচ্ছন্নতা নিয়ে একাংশের বাসিন্দা অভিযোগও তোলেন সোশ্যাল মিডিয়ায়। দশমীর দিনে শহরের কয়েকটি বড় পুজো বাদে সব কটি পুজোর বিসর্জন হয়েছে। এই প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব শেষ হতেই এদিন ভোররাত থেকে সাফাই অভিযানে নামেন পুরসভার কর্মীরা।

Advertisement

শহরের এ ও বি ব্লকের বিভিন্ন রাস্তা ঝাঁট দেওয়ার পাশাপাশি দর্শনার্থীদের ফেলে যাওয়া প্লাস্টিক, জলের বোতল-সহ নানা আবর্জনা পরিষ্কার করা হয়। পুরসভা সূত্রে খবর, অভিযানে একাধিক দলে প্রায় ৫০ জন সাফাইকর্মীকে নামানো হয়েছে। কল্যাণী মেইন স্টেশন, এ-৯ স্কোয়ার পার্ক, সেন্ট্রাল পার্ক, পুরসভা মোড়, রথতলা ও আইটিআই মোড় এলাকায় চলে সাফাই অভিযান। বিভিন্ন রাস্তা ও মাঠ ঝাঁট দিয়ে পরিষ্কারের পাশাপাশি ব্লিচিং পাউডার ছড়ানোর পরিকল্পনাও রয়েছে। শহর আগের অবস্থায় না ফেরা পর্যন্ত এই অভিযান চলবে বলে জানিয়েছে পুরসভা কর্তৃপক্ষ।এবার এ-৯ স্কোয়ার পার্ক, আইটিআই মোড় ব্যবসায়ী সমিতি ও রথতলায় দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই ভিড়ের জেরে আশপাশের এলাকার বাসিন্দাদের একাংশকে সমস্যায় পড়তে হয়। কল্যাণী পুরসভার এক আধিকারিক বলেন, কল্যাণীর বিধায়কের পরামর্শে পুজো শেষ হলেও টিম কল্যাণী পুরসভা এখনও রাস্তায় রয়েছে। অলিগলি-সহ গোটা শহর পরিষ্কারের কাজ চলছে। আশা করছি, আগামী কয়েক দিনের মধ্যেই শহরকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারব।