Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নতুন এসি লোকাল পেল কল্যাণী, বনগাঁর জন্য নয়া ট্রেন

সবে শীতের শুরু। ক’দিন পর শুরু হয়ে যাবে বড়দিন, ইংরেজি নববর্ষ উদযাপনের তোড়জোড়। সেই ‘ফেস্টিভ মুড’-এর প্রাক্কালে নিত্যযাত্রীদের জন্য একগুচ্ছ উপহার আনল পূর্ব রেল।

নতুন এসি লোকাল পেল কল্যাণী, বনগাঁর জন্য নয়া ট্রেন
  • ১৯ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সবে শীতের শুরু। ক’দিন পর শুরু হয়ে যাবে বড়দিন, ইংরেজি নববর্ষ উদযাপনের তোড়জোড়। সেই ‘ফেস্টিভ মুড’-এর প্রাক্কালে নিত্যযাত্রীদের জন্য একগুচ্ছ উপহার আনল পূর্ব রেল। আরও এক নয়া রুটে চালু হতে চলেছে এসি লোকাল। শুধু তাই নয়, রবিবারও চালানো হবে এসি ট্রেন। মেট্রো স্টেশনের সঙ্গে আরও সহজে যোগাযোগ স্থাপনের জন্য দেওয়া হয়েছে নতুন ট্রেন। এছাড়াও যাত্রীদের কথা মাথায় রেখে নানা সুবিধা যুক্ত করা হয়েছে।  

Advertisement

মঙ্গলবার পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ ডিভিশনে শিয়ালদহ থেকে কল্যাণী পর্যন্ত নতুন এসি ট্রেন চালু হতে চলেছে শীঘ্রই। বিকেলের দিকে সাধারণ যাত্রীদের সুবিধার্থে এই পরিষেবা নিয়ে আসা হচ্ছে। কল্যাণী এই মুহূর্তে শিক্ষা ও চিকিত্সার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নাম। প্রতিদিন নানা কাজে বহু মানুষকে এই শহরে আসা-যাওয়া করতে হয়। সেকথা মাথায় রেখেই এই নতুন এসি ট্রেন। সোমবার থেকে শনিবার শিয়ালদহ থেকে এই ট্রেন ছাড়বে বিকেল ৩টে ১০ মিনিটে। কল্যাণী পৌঁছবে ৪টে ৩২ মিনিটে। আর কল্যাণী থেকে ছাড়বে বিকেল ৫টা ২ মিনিটে। সেই ট্রেন শিয়ালদহে ঢুকবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। ট্রেনটি যাত্রী ওঠানো-নামানোর জন্য দাঁড়াবে বিধাননগর, দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, বারাকপুর, শ্যামনগর, নৈহাটি ও কাঁচরাপাড়া স্টেশনে।
তাছাড়া, শিয়ালদহ-কৃষ্ণনগর এসি লোকাল এখন থেকে রবিবারও চলবে। পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার ছুটির দিন হওয়ায় অনেকেই পরিবার-পরিজন নিয়ে কলকাতায় আসেন। তাঁদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত হয়েছে। রানাঘাট-শিয়ালদহ ভায়া বনগাঁ এসি লোকালটি গোপালনগর ও বামনগাছিতেও দাঁড় করানোর প্রস্তাব দেওয়া হয়েছে। নিঃসন্দেহে শিয়ালদহ ডিভিশনে এসি লোকাল নিয়ে যাত্রীদের মধ্যে উত্সাহ তুঙ্গে। ভাড়া বেশি হলেও সুষ্ঠুভাবে যাতায়াতের জন্য এসি লোকাল ধরছেন অনেকেই। তবে অনেক যাত্রীর অভিযোগ, ভাড়া এতটাই বেশি যে চাইলেও প্রতিদিন এসি লোকালে ওঠা যায় না। 
এদিকে, মেট্রোরেলের যাত্রীদের জন্যও সুখবর দিয়েছে পূর্ব রেল। দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে একটি বনগাঁ লোকাল দেওয়া হয়েছে। এই ট্রেনটি দমদম ক্যান্টনমেন্ট স্টেশন ছাড়বে রাত ৮টা ৫ মিনিটে। শিয়ালদহ থেকে ছেড়ে বনগাঁ লোকাল দমদম ক্যান্টনমেন্টে এলে অপর্যাপ্ত ভিড় থাকে। ফলে যাঁরা মেট্রোতে আসছেন, তাঁদের ট্রেন ধরতে সমস্যা হয়। সেই সমস্যা থেকে কিছুটা সুরাহা দিতেই এই উদ্যোগ। বনগাঁ থেকে বারাসত পর্যন্তও একটি নতুন ট্রেন দেওয়া হয়েছে। এটি বনগাঁ থেকে রাত ১০টায় ছাড়বে। এছাড়া, এখন থেকে বারাসত ও বনগাঁর মাঝে ট্রেন অন্য কোনও স্টেশনে যাত্রা শেষ করবে না। সবক’টি ট্রেনই যাবে বনগাঁ পর্যন্ত। নয়া সিদ্ধান্তগুলি শীঘ্রই কার্যকর হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ