নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: প্রতিষ্ঠার পর প্রায় ১০ বছর অতিক্রান্ত। কল্যাণী এইমসে ক্রমশ চাপ বাড়ছে রোগীর। তাই উন্নত পরিষেবা দিতে এবার তিন শতাধিক চিকিৎসক এবং ফ্যাকাল্টি নিয়োগের পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় হাসপাতালটি। এর ফলে এক ধাক্কায় প্রায় দ্বিগুণ হয়ে যাবে মোট চিকিৎসক সংখ্যা। জুন-জুলাইয়ের মধ্যেই এই ‹মেগা রিক্রুটমেন্ট› হতে চলেছে।
কলকাতা থেকে মোটামুটি ৫০ কিলোমিটার দূরে প্রায় ১৮০ একর জমির উপর গড়ে উঠেছে কল্যাণী এইমস। ২০১৫ সালে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পর আনুষ্ঠানিক সূচনা হয় ২০১৮ সালে। এরপর ধাপে ধাপে হাসপাতালটি পরিষেবার ক্ষেত্র বাড়িয়েছে নিজের। সর্বশেষ ২০২৪ সালের অক্টোবর মাসেই কল্যাণী এইমসে হৃদরোগ বিভাগের উদ্বোধন করেছিলেন দেশেরপ্র ধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কার্ডিওলজি ক্যাথল্যাব, হার্ট অ্যান্ড লাং মেশিন ও কার্ডিও ভাসকুলার চিকিৎসা পরিষেবা শুরু হয়। যা নিয়ে সবমিলিয়ে প্রায় ৩৯টি পৃথক পৃথক বিভাগ রয়েছে কেন্দ্রীয় সরকারের হাসপাতালটিতে। বর্তমানে কমবেশি দেড় শতাধিক পূর্ণ সময়ের চিকিৎসক রয়েছেন। কিন্তু গত কয়েকবছরে বেশ কয়েকগুণ রোগীর চাপ বেড়েছে বহির্বিভাগ এবং অন্তর্বিভাগে। ফলে নিরবচ্ছিন্ন পরিষেবা পেতে বহু মানুষকেই অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘক্ষণ। অগত্যা লোকবল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কল্যাণী এইমস। কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? হাসপাতাল সূত্রের খবর, প্রচুর ফ্যাকাল্টি, জুনিয়র এবং সিনিয়র রেসিডেন্ট ডক্টর নিয়োগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সবমিলিয়ে প্রায় দু’ শতাধিক জুনিয়র রেসিডেন্ট, ৭০ থেকে ৮০ জন সিনিয়র রেসিডেন্ট এবং ৮০ জনের কাছাকাছি ফ্যাকাল্টি নিয়োগ হবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার এই সমস্ত পদ অনুমোদন দিয়েছে। তাই এইমসের পোর্টালে ইতিমধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ফলে জুন- জুলাইয়ের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে আরও নিখুত হবে পরিষেবা। যে দীর্ঘ লাইনে প্রত্যহ একাধিক বিভাগে রোগীদের অপেক্ষা করতে হয় সেই অপেক্ষার সময় কমবে। এছাড়াও ফ্যাকাল্টি নিয়োগের ফলে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনার পরিকাঠামো উন্নত হবে।
কল্যাণী এইমসের জনসংযোগ আধিকারিক তথা চিকিৎসক সুকান্ত সরকার বলেন, এই মুহূর্তে আমাদের প্রায় চারশোর কাছাকাছি চিকিৎসক ও ফ্যাকাল্টি রয়েছে। কিন্তু সেই লোকবলে বর্তমান পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। তাই নতুন নিয়োগের প্রয়োজন ছিল। ইতিমধ্যেই সরকার সেই নিয়োগে ছাড়পত্র দিয়েছে। আমরা দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছি। যাতে আগামী এক মাসের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে প্রায় দ্বিগুণ সংখ্যক চিকিৎসক দিয়ে পরিষেবা দেওয়া যায়।