রবীন রায়, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার রেল জংশনে এ বছরও দুর্গাপুজোর মণ্ডপে থিমের ছড়াছড়ি। জংশনের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম কালীবাড়ি যুব সংঘের দুর্গাপুজো। যুব সংঘের মণ্ডপের থিম শ্রীকৃষ্ণের দ্বারকানগরী। জংশনের লিচুতলা যমঠেক কালচারাল ক্লাবের পুজো মণ্ডপের থিম প্রকৃতির কোলে মায়ের আগমন।
কালীবাড়ি যুব সংঘের এ বছর ৭৮তম বর্ষের পুজো। শ্রীকৃষ্ণের দ্বারকানগরী হচ্ছে বাঁশ ও কাঠ দিয়ে। গোটা মণ্ডপটি সাজাতে ব্যবহার করা হচ্ছে রং বেরঙের কাপড়। মণ্ডপে ঢোকার দরজা থাকবে কাঠের। হুবহু মন্দিরের রংয়ের আদলে মণ্ডপটি করা হচ্ছে। যুব সংঘের প্রতিমাতেও বৈচিত্র্য থাকছে। প্রতিমায় অর্ধ নারীশ্বর রূপ ফুটে তোলা হচ্ছে। প্রতিমার অর্ধেক অংশ দুর্গা ও অর্ধেক অংশ শ্রী কৃষ্ণের আদলে শিল্পী বানাচ্ছেন। এদিকে, আলোকসজ্জাতেও টেক্কা দেবে যুব সংঘ। চন্দননগরের আলোকসজ্জায় কৃষ্ণ লীলা দেখানো হবে।
যুব সংঘের সভাপতি দিলীপ রায় বলেন, দর্শকদের প্রত্যাশা পূরণে এবারও মণ্ডপ ও প্রতিমায় নতুনত্ব আনার চেষ্টা করছি। এবার আমাদের মণ্ডপের থিম শ্রীকৃষ্ণের দ্বারকানগরী। আশা করছি, দর্শনার্থীদের ভালো লাগবে।
পুজোয় দর্শক টানবে জংশন লিচুতলার যমঠেক কালচারাল ক্লাবও। তাদের মণ্ডপের থিম এবার প্রকৃতির কোলে মায়ের আগমন। প্রকৃতিকে রক্ষা করার বার্তা দিতেই যমঠেকের পুজো মণ্ডপের এই থিম বাছা হয়েছে। মাটির হাঁড়ি ও গাছের পাতা দিয়ে তৈরি হচ্ছে যমঠেকের পুজো মণ্ডপ। মণ্ডপে প্রবেশ করলেই শোনা যাবে পাখির কলতান। প্রকৃতির রূপের সঙ্গে সামঞ্জস্য রেখে ডাকের সাজের প্রতিমা তৈরি হচ্ছে। যমঠেক কালচারাল ক্লাবের পুজো এ বছর ৪৪ বছরে পড়ল।
ক্লাব সভাপতি অনিমেষ মল্লিক বলেন, প্রকৃতির উপর নির্মম অত্যাচার চলছে। ধস-বন্যায় প্রকৃতিও তার বদলা নিচ্ছে। প্রকৃতিকে রক্ষা করা সমস্ত নাগরিকের কর্তব্য। এই বার্তা দিতেই এ বছর আমাদের পুজো মণ্ডপের থিম প্রকৃতির কোলে মায়ের আগমন। • কালীবাড়ির মণ্ডপ। -নিজস্ব চিত্র।