Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কালিয়াচকে নিম্নমানের কাজ, বিডিওকে অভিযোগ প্রধানের

কালিয়াচকে নিম্নমানের কাজ, বিডিওকে অভিযোগ প্রধানের
  • ৭ মার্চ, ২০২৫ ১৫:০৩
Prefer us on Google

সংবাদদাতা, কালিয়াচক: নিম্নমানের কাজের অভিযোগে ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে ব্লক অফিসে লিখিত অভিযোগ দায়ের খোদ পঞ্চায়েত প্রধানের। ঘটনাটি কালিয়াচক ১ ব্লকের বামনগ্রাম মসিমপুর গ্রাম পঞ্চায়েতের।  স্থানীয় সূত্রে খবর, মশিমপুরে মাসদুয়েক আগে উন্নয়নমূলক কাজের জন্য টেন্ডার ডাকা হয়। তাতে বিভিন্ন ঠিকাদারি সংস্থা আবেদন করে। হিন্দুপাড়ায় ড্রেন ও স্ল্যাব তৈরির টেন্ডার পায় মণ্ডল এন্টারপ্রাইজ নামে এক সংস্থা। সময়মতো কাজ শুরু করে শেষও করে ফেলে ওই সংস্থা। কিন্তু ড্রেন ও স্ল্যাব তৈরির কিছুদিন পরেই সেগুলি ভেঙে পড়তে শুরু করে। এমনকি ড্রেনের একাংশও ভেঙে যায়। স্থানীয়রা বিষয়টি পঞ্চায়েত প্রধান আজহারউদ্দিনকে জানালে তিনি এলাকায় গিয়ে খতিয়ে দেখেন। এরপরেই ওই ঠিকাদার সংস্থার বিরুদ্ধে সরব হন তিনি। বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে।

Advertisement

পঞ্চায়েত প্রধান বলেন, স্থানীয় ঠিকাদারি সংস্থা মণ্ডল এন্টারপ্রাইজ ড্রেন ও স্ল্যাব তৈরির বরাত পায়। সেখানে মোট তিন লক্ষ টাকার কাজ হওয়ার কথা ছিল। কিন্তু কাজের গুণগতমান অত্যন্ত খারাপ হওয়ায় একমাস যেতে না যেতেই স্ল্যাব এবং ড্রেনটির একাংশ ভেঙে গিয়েছে। কাজ শুরুর প্রথম দিকেই আমরা জানিয়েছিলাম, মান যেন খারাপ না হয়। তারপরেও ঠিকাদারি সংস্থা খারাপ কাজ করেছে। পঞ্চায়েতের পক্ষ থেকে ওই সংস্থার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছি।
যদিও ঠিকাদারি সংস্থার মালিক নিখিল মণ্ডল বলেন, নিয়মমাফিক কাজ করা হয়েছিল। কিন্তু কীভাবে স্ল্যাব ভাঙল, জানি না। প্রাথমিকভাবে মনে হচ্ছে আমাদের সংস্থার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। কালিয়াচক ১ এর বিডিও সত্যজিৎ হালদার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ