Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কালিয়াচকে নার্সিংহোমে প্রসূতি মৃত্যুতে গাফিলতির অভিযোগ

কালিয়াচকে নার্সিংহোমে প্রসূতি মৃত্যুতে গাফিলতির অভিযোগ
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালিয়াচক: ফের প্রসূতি মৃত্যুর ঘটনা কালিয়াচকের একটি  নার্সিংহোমে। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে গোটা এলাকায়। পাশাপাশি জেলাশাসকের দপ্তরে অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্যদপ্তরের একটি বিশেষ তদন্তকারী দল সোমবার বিকেলে ওই নার্সিংহোমে গিয়ে তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে খবর, পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার জামনগরের বাসিন্দা ফুলটুসি বিবি (২১) গত শনিবারে সুজাপুর ডাঙ্গা এলাকায় জাতীয় সড়কের পাশে থাকা ওই নার্সিংহোমে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন। রবিবার তাঁর সিজার করা হয়। কিন্তু সিজারের পরেই চিকিৎসকের গাফিলতিতে তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের। এরপরে একপ্রকার জোর জবরদস্তি করে নার্সিংহোম কর্তৃপক্ষ সদ্যোজাত শিশুটিকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে থাকা মাতৃমাতে নিয়ে যেতে বলে। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়। এরপরেই মৃত মহিলার পরিবারের তরফে মালদহের জেলাশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় ওই নার্সিংহোমের বিরুদ্ধে। মৃত মহিলার এক আত্মীয় আজিজুর শেখ বলেন, আমরা প্রথম দিকে সিজারের জন্য রাজি হইনি। কিন্তু একপ্রকার জোর করে আমাদের রাজি করায় নার্সিংহোম কর্তৃপক্ষ। কিন্তু সিজারের পরেই চিকিৎসকের গাফিলতির কারণে প্রসূতি মারা যান। পাশাপাশি সদ্যোজাত শিশুটিও মারা গিয়েছে মাতৃমায় নিয়ে যাওয়ার পথে। এরপরেই আমরা জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানাই। মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া ঘটনায় তদন্তের নির্দেশ দিলে স্বাস্থ্যদপ্তরের একটি দল সোমবার বিকেলে ওই নার্সিংহোমে যায়। ইতিমধ্যেই ওই তদন্তকারী দল নার্সিংহোমের সমস্ত নথি এবং প্রয়োজনীয় সামগ্রী খতিয়ে দেখতে শুরু করেছে। তারা সমস্ত রিপোর্ট জেলাশাসকের দপ্তরে পেশ করবে বলে জানিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ