নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: কালীপুজো মিটে গেলেও বাঁকুড়া শহরে রাস্তার উপর একাধিক আলোর গেট এখনো রয়ে গিয়েছে। পুজো কমিটির তৈরি তোরণ খুলে ফেলার নির্দেশ দিয়েছে ট্রাফিক পুলিশ। কিন্তু, শহরের সতীঘাট বাইপাসে একাধিক বাঁশের কাঠামো এখনো রয়ে গিয়েছে। ফলে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে।
দুর্গাপুজোর পর বাঁকুড়া পুরসভা ও সদর মহকুমা প্রশাসনের তরফে এব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। রাস্তার উপর থাকা তোরণ যাতে মানুষের যাতায়াত ও যানবাহন চলাচলে বাধার সৃষ্টি করতে না পারে, তা দেখার জন্য উদ্যোক্তাদের বলা হয়েছিল। কিন্তু, এখনো তা না হওয়ায় সমস্যার সৃষ্টি হচ্ছে। সাধারণত তোরণের বাঁশের কাঠামো রাস্তার পাশে বা ফুটপাতের উপর তৈরি করা হয়। এবার পুজোর মরশুমে কিছু জায়গায় তা পিচ ও কংক্রিটের উপরেই গড়ে তোলা হয়েছিল। সেই কারণে রাস্তা সংকীর্ণ হয়ে যায়। বিষয়টি নিয়ে গাড়ির চালক ও পথচারীরা ক্ষুব্ধ। এমনিতেই জনসংখ্যার তুলনায় শহরের রাস্তাঘাট ততটা প্রশস্ত নয়। গোদের উপর বিষফোঁড়ার মতো নিয়ম না মেনে তৈরি বিজ্ঞাপনী তোরণ ও আলোর গেট বসানোর ফলে সমস্যা আরও প্রকট হয়েছে। সংশ্লিষ্ট পুজো কমিটিগুলিকে আগেই এব্যাপারে সতর্ক করা হয়েছিল বলে বাঁকুড়া সদর ট্রাফিকের তরফে দাবি করা হয়েছে। এক আধিকারিক বলেন, আমার সঙ্গে উদ্যোক্তাদের কথা হয়েছে। দ্রুত সতীঘাট বাইপাসের উপরে থাকা বাঁশের কাঠামো খুলে নেবে বলে তারা জানিয়েছে।
ট্রাফিক পুলিশ ও পুরসভা সূত্রে জানা গিয়েছে, রাস্তার উপর অনেক পুজো কমিটিই মণ্ডপ ও বিজ্ঞাপনী তোরণ নির্মাণ করে। তবে পুজোর আগেই উদ্যোক্তাদের বিষয়টি নিয়ে সতর্ক করে দেওয়া হয়। পুজো মিটলেই ওইসব অস্থায়ী কাঠামো সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়। এমনকি, রাস্তা বা ফুটপাতে গর্ত হলে তাও বুজিয়ে দেওয়ার জন্য উদ্যোক্তাদের বলা হয়। কিন্তু, অনেক ক্ষেত্রেই নির্দেশ ঠিকমতো মানা হয় না বলে অভিযোগ।



