কালী, ছট ও জগদ্ধাত্রী পুজো  কড়া পদক্ষেপ পুলিশ-প্রশাসনের
  • ১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: কলকাতার চোরবাগান কাণ্ডের পর আসন্ন কালীপুজো, ছটপুজো এবং জগদ্ধাত্রী পুজো সুষ্ঠু ও নিরাপদে সম্পন্ন করতে কড়া পদক্ষেপ নিল বীরভূম জেলা পুলিশ ও প্রশাসন। উৎসবের দিনগুলিতে নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করতে সিউড়ির আবদারপুর গেস্ট হাউসে জেলা পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী গার্গী দাসঘোষ।

Advertisement

বৈঠক শেষে মন্ত্রী জানান, ‘আমাদের হিন্দু সংস্কৃতিতে যে সমস্ত উৎসবগুলি রয়েছে, সেগুলি পালন করা যাতে সুষ্ঠুভাবে হয়, সেই ব্যাপারে মুখ্যমন্ত্রী যথেষ্ট সচেষ্ট। সামনেই কালীপুজো, ছটপুজো এবং জগদ্ধাত্রী পুজো রয়েছে। এই উৎসবগুলিতে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে বা কোনো অপ্রীতিকর ঘটনা না হয়, তা দেখাই মূল উদ্দেশ্য। পাশাপাশি উৎসবের দিনগুলিতে জেলায় বিদ্যুৎ ঘাটতির কোনো সম্ভাবনা নেই বলে আশ্বস্ত করেন বিদ্যুৎপ্রতিমন্ত্রী। বিদ্যুৎ দপ্তরকে নিরবচ্ছিন্ন পরিষেবা বজায় রাখার জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে।
উৎসবের দিনগুলিতে নিরাপত্তায় বিন্দুমাত্র ফাঁকফোকর রাখতে নারাজ জেলা পুলিশও। বীরভূম জেলার পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ জানিয়েছেন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশ মেনে জেলায় শুধুমাত্র ‘নিরি’ শংসাপত্র যুক্ত পরিবেশ বান্ধব সবুজ বাজি বা গ্রিন ক্র্যাকার্স বিক্রি করা এবং ফাটানো যাবে। অবৈধ বাজি বিক্রি বা মজুত করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বেআইনি বাজি মজুত করার অভিযোগে ইতিমধ্যেই মল্লারপুরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি, স্কুল, হাসপাতাল এবং আদালতের মতো সাইলেন্ট জোনগুলির ১০০ মিটারের মধ্যে শব্দবাজি ফাটানো বা জোরে মাইক বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে ফানুস ওড়ানোর ক্ষেত্রেও দমকলের আগাম অনুমতি বাধ্যতামূলক করেছে পুলিশ। জেলায় ছোটো-বড়ো মিলিয়ে প্রায় তিন হাজারেরও বেশি কালীপুজো হয়। পুলিশ সুপার জানিয়েছেন, ভিড়ের নিরিখে পুজো মণ্ডপগুলিকে ভাগ করে বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। দুবরাজপুরের লোবা, সিউড়ি, সাঁইথিয়ার মতো জনবহুল পুজোগুলির পাশাপাশি জেলার পাঁচটি সতীপীঠে দর্শনার্থীর বিপুল ভিড় সামলাতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। ভিড় ও যানজট নিয়ন্ত্রণে সিসিটিভি এবং ড্রোনের মাধ্যমে আকাশপথেও কড়া নজরদারি চালাবে জেলা পুলিশ।