সংবাদদাতা বোলপুর: কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী দায়িত্ব পালনে ব্যর্থ। কমিটির বৈঠক না হওয়া নিয়ে ফের সরব হলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ থাকা সত্ত্বেও বীরভূম জেলায় নিয়মমাফিক কোর কমিটির বৈঠক হচ্ছে না। যা তাঁর নির্দেশ অমান্য করার শামিল।
সোমবার নানুরের পাপুড়ি গ্রামে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে কমিটির বৈঠক না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কাজল। কোর কমিটির আহ্বায়ক বিকাশবাবুর বিরুদ্ধে কার্যত বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, বিকাশবাবুর বয়স হয়ে গিয়েছে। ভুলভাল বকছেন। কোর কমিটির আহ্বায়ক হয়ে উনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। গত ১৯ এপ্রিল বৈঠক ডাকার কথা ছিল, ডাকেননি। আহ্বায়ক কথার মানে উনি জানেন বলে মনে হয় না। উনি ব্যর্থ হয়েছেন, সেকথা স্বীকার করা উচিত। অনুব্রতর নাম না করেও কটাক্ষ করে বলেন, আমাদের নেতা-নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই দ্বিতীয় কোনও নেতার অনুমতি নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।
বিকাশবাবু বলেন, কাজল ঠিকই বলেছেন। রাজনীতিতে আমার ৫০ বছরের বেশি অভিজ্ঞতা। কাজল আমার ভাইয়ের মতো। ওর সঙ্গে বিতর্ক করা আমার সাজে না। দলের ভাবমূর্তি নষ্ট হোক এমন কোনও কাজ করিনি, করবও না।