সংগীতশিল্পী কৈলাশ খেরের অনুষ্ঠানে বিশৃঙ্খলা। মঞ্চ ছেড়ে বেরিয়ে গেলেন ক্ষুব্ধ গায়ক। গোয়ালিয়রের এই অনুষ্ঠানের ভিডিও ছড়িয়েছে সমাজমাধ্যমে। ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, অনুষ্ঠানে কৈলাশকে দেখে অনুরাগীদের উচ্ছ্বাস বাঁধ ভাঙে। শিল্পীর দিকে ছুটে আসেন অনেকে। ব্যারিকেড ভেঙে চলতে থাকে বিশৃঙ্খলা। এই কাণ্ড দেখে নিজেকে ঠিক রাখতে পারেননি। তিনি বলেই বসেন, ‘আপনারা পশুর মতো আচমরণ করছেন। এমনটা করবেন না। বন্ধ করুন।’ এরপরও পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে দেখে পুলিশের সহায়তা নেন তিনি। তারপর অনুষ্ঠান বন্ধ করে দিয়ে মঞ্চ থেকে নেমে যান কৈলাশ। এই ঘটনায় শিল্পীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। মঞ্চ ছেড়ে নামার আগে ‘আপনাদের আমি প্রণাম করছি’, বলে বেরিয়ে যান তিনি।



