নিজস্ব প্রতিনিধি, বারাসত: কৈলাস এবং মানস সরোবর দর্শন সোজা কথা নয়। অনেক টাকা খরচ করেও এর সুযোগ মেলে না। তবে কৃত্রিম পরিসরে মানুষকে সেই সুযোগ করে দিচ্ছে দত্তপুকুরের মহিলা পরিচালিত পুজো কমিটি। তৃতীয় বছরে দুর্গামণ্ডপে কৈলাস দর্শন করার সুযোগ করে দিচ্ছে দত্তপুকুরের সন্তোষপুরের মহিলা পরিচালিত পুজো কমিটি।
শৈবতীর্থ কৈলাস। এই বছর সন্তোষপুর মহিলা দুর্গোৎসব কমিটি ৮০ ফুটের গুহা সহ কৈলাস পর্বত উপহার দিতে চলেছে মানুষকে। পঞ্চমীর দিন থেকেই মণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। কাঠ, বাঁশ, থার্মোকল, প্লাস্টার অব প্যারিস দিয়ে মণ্ডপ তৈরি হচ্ছে। মণ্ডপটি কৈলাস পর্বতের মতো পাহাড়ের রূপে এবং অন্যান্য দেব-দেবীর আবাসস্থল হিসেবে সাজানো হচ্ছে। সাদা ও নীল রং ব্যবহার করা হচ্ছে গোটা মণ্ডপে। এছাড়াও থাকছে পাথরের কাজ, খোদাই করা নকশা ও ঝর্ণার মতো কারুকাজ। শিল্পীর কথায়, এই থিম মণ্ডপের চারপাশে একটি কল্পনাশ্রয়ী ও আধ্যাত্মিক পরিবেশ তৈরি করবে। পুজো কমিটির অন্যতম সদস্য তৃষা হালদার বলেন, এই থিম মূলত মানুষের কথা ভেবেই। অনেক মানুষ টাকার সমস্যার জন্য কৈলাসে যেতে পারেন না। তাই মানুষকে একটু কৈলাসের দর্শন দিতেই এই ভাবনা। থাকছে সুসজ্জিত আলোকসজ্জা, প্রতিদিন প্রসাদ বিতরণের পাশাপাশি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া পাড়ার আদিবাসী সম্প্রদায়ের মানুষরাও পুজোয় সক্রিয়ভাবে হাত লাগান, ভোগ রান্না করেন।