Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কুড়িয়ে পাওয়া ন’লক্ষ টাকা নিজের কাছে রেখে বিপাকে দিনহাটার শিক্ষক

কুড়িয়ে পাওয়া ন’লক্ষ টাকা নিজের কাছে রেখে বিপাকে দিনহাটার শিক্ষক
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দিনহাটা: পড়ে পাওয়া ন’লক্ষ টাকা নিজের কাছে দু’দিন রেখে বিপাকে পড়লেন এক শিক্ষক। থানায় টাকা জমা না দিয়ে কী উদ্দেশ্যে তিনি সেই টাকা নিজের কাছে রেখেছিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। খোয়া যাওয়া টাকার মালিকের অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্ত শুরু করে শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে। রবিবার ওই শিক্ষককে বিশেষ আদালতে তোলা হলে বিচারক জামিন মঞ্জুর করেন। এই ঘটনায় আরও এক ব্যবসায়ীকে পুলিস গ্রেপ্তার করেছিল। তিনিও এদিন জামিন পেয়েছেন। 
Advertisement
দিনহাটা বিশেষ আদালতের সরকারি আইনজীবী নীহাররঞ্জন গুপ্তা বলেন, এক ব্যক্তির নয় লক্ষ টাকা হারিয়ে গিয়েছিল। তিনি দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেন। সেই ঘটনার তদন্তে নেমে দু’জনকে পুলিস গ্রেপ্তার করে। রবিবার তাদের বিশেষ আদালতে তোলা হয়। দু’জনকেই জামিন দিয়েছে আদালত। 
ওই শিক্ষক বলেন, প্রকৃত মালিক কে জানার পরেই টাকা ফিরিয়ে দিই। সোশ্যাল মিডিয়ায় তিনি আমাকে এজন্য ধন্যবাদও জানিয়েছিলেন। রবিবার আমাকে আদালতে তোলা হলে জামিন পেয়েছি। টাকা ফিরিয়ে দেওয়ার পরেও মামলা কেন করা হল বুঝতে পারছি না। আমার সম্মানহানির জন্যই কোনও পক্ষ হয়তো উস্কানি দিয়েছে।
সম্প্রতি দিনহাটার এক ওষুধ ব্যবসায়ী নয় লক্ষ টাকা হারিয়ে ফেলেন। রাস্তার পাশে সেই টাকা খুঁজে পান দিনহাটার এক শিক্ষক ও ব্যবসায়ী। ওই শিক্ষক নিজের কাছেই টাকা রেখে দিয়েছিলেন। এদিকে ওই ব্যবসায়ী দিনহাটা থানার দ্বারস্থ হন। পুলিস শহরের একাধিক সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। সেখান থেকেই ওই শিক্ষকের টাকা কুড়িয়ে পাওয়ার বিষয়টি পরিষ্কার হয়। টাকা কুড়িয়ে পেলেও তিনি পুলিসকে বিষয়টি জানাননি। বরং নিজের কাছেই নয় লক্ষ টাকা রেখে দেন। পরবর্তীতে শোরগোল  হলে টাকা ফিরিয়ে দেন। সেক্ষেত্রে দু’দিন নিজের কাছে কেন টাকা রেখেছেন তা জানার জন্যই জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিস। তাঁর সঙ্গী ব্যবসায়ীকেও আটক করেন তদন্তকারী অফিসার। দু’জনের জবাবে সন্তুষ্ট না হওয়ায় তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
সম্পর্কিত সংবাদ