Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কড়া নজরদারি মালদহের রেল স্টেশন, আন্তর্জাতিক সীমান্তে 

কড়া নজরদারি মালদহের রেল স্টেশন, আন্তর্জাতিক সীমান্তে 
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মালদহ: বাংলাদেশ জুড়ে চলতে থাকা অভ্যন্তরীণ অস্থিরতার জেরে কড়া নজরদারির নির্দেশ জারি করা হয়েছে মালদহের আন্তর্জাতিক সীমান্তে। পাশাপাশি পূর্ব ও উত্তর-পূর্ব সীমান্ত রেলের অন্তর্ভুক্ত মালদহ টাউন সহ জেলার বিভিন্ন রেল স্টেশনে শুরু হয়েছে কড়া নজরদারি।
Advertisement
রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এবং গভর্নমেন্ট রেলওয়ে পুলিস (জিআরপি) যৌথভাবে এবং আলাদা করে লাগাতার তল্লাশি চালাচ্ছে বিভিন্ন স্টেশনে ও ট্রেনে। সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এবং আরপিএফের মধ্যে সমন্বয় রাখা হচ্ছে বলেও জানা গিয়েছে। বেআইনিভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়া অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দ্রুত পদক্ষেপের নির্দেশ রয়েছে বলে বিএসএফ ও আরপিএফ সূত্রে খবর। 
আরপিএফের ইনসপেক্টর পদমর্যাদার এক আধিকারিক বলেন, বাংলাদেশে অস্থিরতার জেরে আমরা  উপরমহলের নির্দেশে বিশেষ অভিযান শুরু করেছি। আটের পরিবর্তে জরুরি পরিস্থিতিতে ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করছি। সন্দেহভাজনদের বিশেষ তল্লাশি করা হচ্ছে। উত্তর-পূর্ব ভারত থেকে মালদহ টাউন স্টেশনের ওপর দিয়ে যাতায়াত করা বন্দে ভারত, রাজধানী, শতাব্দী এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনগুলির পাশাপাশি বাকিগুলিতেও অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে। আমাদের গোয়েন্দা বিভাগ সতর্ক রয়েছে। পাশাপাশি বিএসএফের সঙ্গে সমন্বয় রেখে চলছি।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএসএফের এক পদস্থ আধিকারিকের কথায়, বাংলাদেশ সীমান্তবর্তী জেলা মালদহ। তাই পাশের দেশে অস্থিরতার জেরে আন্তর্জাতিক সীমান্ত জুড়ে নজরদারি জোরদার করেছি। সীমান্ত পেরিয়ে কেউ যেন অবৈধভাবে ভারতে ঢুকে পড়তে না পারে, তা নিশ্চিত করতে তীক্ষ্ণ নজরদারি চালাচ্ছেন জওয়ানরা। 
বাংলাদেশের সঙ্গে মালদহের প্রায় ১৭০ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এর মধ্যে রয়েছে কিছুটা কাঁটাতার বিহীন ও জল সীমান্ত। মালদহে ইতিপূর্বে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের একাধিক ঘটনা ঘটেছে। বর্তমান পরিস্থিতিতে তাই অতিরিক্ত সতর্কতা বলে জানিয়েছেন ওই বিএসএফ আধিকারিক। একই সঙ্গে তিনি বলেন, শীতের মরশুমে ঘন কুয়াশার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা যেন ভারতে অনুপ্রবেশ করতে না পারে, সেটাও নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পূর্ব রেলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন মালদহ টাউন। উত্তর-পূর্ব ভারতের পাশাপাশি দিল্লি, বেঙ্গালুরু সহ একাধিক গুরুত্বপূর্ণ মহানগরের সঙ্গে রেলপথে যুক্ত। নাশকতার ছক নিয়ে বাংলাদেশের দুষ্কৃতীরা মালদহে ঢুকে পড়লে সহজেই তারা ভারতের প্রধান নগরগুলিতে পৌঁছে যেতে পারবে। তাই রেলপথে নজরদারি সর্বোচ্চ পর্যায়ে করা হচ্ছে বলে আরপিএফ সূত্রে জানা গিয়েছে।
সম্পর্কিত সংবাদ