সংবাদদাতা, রঘুনাথপুর: পড়াশোনা না করা নিয়ে বাবা, মা বকুনি দিয়েছিল। সেই অভিমানে শনিবার কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল দশম শ্রেণির এক ছাত্রী। পুলিস জানিয়েছে, মৃতার নাম বর্ষা নন্দী(১৫)। রঘুনাথপুর থানার রক্ষতপুর গ্রামের ওই ঘটনায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ষা এবছরই দশম শ্রেণিতে ওঠে। কিন্তু, পড়াশোনা তেমন করছিল না। তাই ওইদিন বাবা, মা তাকে বকুনি দিয়েছিল। সেই অভিমানে সে বাড়ির কুয়োয় ঝাঁপ দেয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।



