সংবাদদাতা, কাঁথি: এগরা-১ ব্লক তৃণমূল সভাপতি কে হবেন, তা নিয়ে দলের অন্দরে জোর চর্চা শুরু হয়েছে। মাস দেড়েক আগে ব্লক সভাপতি বিজনবিহারী সাউয়ের মৃত্যু হয়েছে। আপাতত দায়িত্বে রয়েছেন ব্লকের কার্যকরী সহ-সভাপতি সত্য চক্রবর্তী। আগামী কিছুদিনের মধ্যে জেলায় তৃণমূলের সাংগঠনিক রদবদলের সম্ভবনা রয়েছে। স্বাভাবিকভাবেই নবীন নাকি প্রবীণ, কে ব্লক সভাপতির দায়িত্ব পাবেন, কার উপর ভরসা করবে শীর্ষ নেতৃত্ব তা নিয়ে আলোচনা চলছে। সেদিকেই নজর দলের নেতাকর্মীদের। উল্লেখ্য, এর আগে ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত ব্লক তৃণমূল সভাপতির দায়িত্ব সামলেছেন ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান সিদ্ধেশ্বর বেরা। তবে ২০২০ সালে এগরা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মেদিনীপুরের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে একই মঞ্চে হাজির হয়ে বিতর্কে জড়ান সিদ্ধেশ্বরবাবু। তাঁকে সরিয়ে প্রবীণ বিজনবিহারীকে ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি দক্ষতার সঙ্গে সংগঠন সামলেছেন। তবে মাস দেড়েক আগে অসুস্থ হয়ে আচমকা মারা যান বিজনবাবু। সাংগঠনিক কাজ সামলানোর ভার পান সত্য চক্রবর্তী। এই পরিস্থিতিতে সভাপতি হিসেবে ফের সিদ্ধেশ্বরবাবুর নাম আলোচনায় উঠে আসছে। আলোচনায় উঠে আসছে ব্লক যুব সভাপতি তথা জেলা পরিষদের স্থানীয় সদস্য শান্তনু নায়কের নামও। অনেকে চাইছেন, সত্যবাবু সভাপতি হন। যদিও একপদ নীতিতে বিশ্বাসী তৃণমূল নেতৃত্ব শেষ পর্যন্ত কী করে, সেটাই এখন দেখার। এ বিষয়ে দলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পীযূষকান্তি পণ্ডাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, শীর্ষ নেতৃত্ব যাঁর নাম সুপারিশ করবেন, তিনিই মান্যতা পাবেন। আমরা আশা করছি, শীর্ষ নেতৃত্ব যোগ্য নেতাকে ব্লক সভাপতি হিসেবে বেছে নেবে।



