Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জ্যোতির্ময় কলোনির মাঠে নেশার আসর বন্ধ করতে এবার ময়দানে বিধায়ক

জ্যোতির্ময় কলোনির মাঠে নেশার আসর বন্ধ করতে এবার ময়দানে বিধায়ক
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: নেশার আসরের ঘটনায় উপযুক্ত পদক্ষেপের দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠল নিউ জলপাইগুড়ি থানার জ্যোতির্ময় কলোনি। রবিবার ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে এনজেপি থানায় গিয়ে নেশারুদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হন এলাকাবাসী। 
Advertisement
সম্প্রতি ওই এলাকার একটি মাঠে শিলিগুড়ি পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লির কিছু যুবক মদ্যপান করছিল। এলাকাবাসী বাধা দিতে গেলে পরিস্থিতি বিগড়ে যায়। প্রথমে শুরু হয় বচসা। তারপর হাতাহাতি। এতে জখম হন দুই যুবক। পরবর্তীতে জ্যোতির্ময় কলোনির বাসিন্দারা এবং সুকান্তপল্লির ওই যুবকদের পরিবার এনজেপি থানায় আলাদা ভাবে অভিযোগ দায়ের করে। এমন পরিস্থিতিতে এদিন থানায় গিয়ে ওই যুবকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আবেদন জানান বিধায়ক। 
শিখাদেবী বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় বহিরাগত কিছু যুবক নেশার আসর বসাচ্ছে। স্থানীয় মহিলারা বাধা দিতে গেলে মদ্যপ অবস্থায় কিছু যুবক তাদের উপর পাল্টা আক্রমণ করছে। শনিবার মহিলাদের মারধরের পাশাপাশি সুকান্তপল্লির কিছু যুবক এলাকার কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়। ঘটনার পর থেকে এলাকাবাসী আতঙ্ক ভুগছে। 
অন্যদিকে, হাতাহাতির ঘটনার পর ফুলবাড়ির একটি নার্সিংহোমে ভর্তি রয়েছে সুকান্তপল্লির দুই যুবক। ওই যুবকদের পরিবারের তরফে থানায় জ্যোতির্ময় কলোনির একাংশ বাসিন্দার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। যদিও যুবকদের পরিবারের সদস্যরা এ ব্যাপারে কিছু বলে চাইছেন না। পুলিস জানিয়েছে, দুই তরফে জমা পড়া অভিযোগ খতিয়ে দেখতে তদন্তে নামা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ