নিজস্ব প্রতিনিধি, বিধাননগর ও বারাসত: সল্টলেকের বাড়িতে ঢুকে প্রাক্তন মন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের উপর হামলার অভিযোগ উঠেছিল। অভিযুক্ত যুবককে আটক করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়। তবে, তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানতে পেরেছে, জ্যোতিপ্রিয়বাবু একা নন। এর আগেও একাধিক নেতার বাড়িতে ঢুকে কার্যত হামলা চালিয়েছে ওই যুবক। পরিবারের দাবি, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ। চাকরির জন্য নেতাদের কাছে মাঝে মাঝে যান। এনআরএস হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। হাবড়ার জয়গাছি এলাকায় ওই যুবকের বাড়ি। রবিবার রাতে সল্টলেকে জ্যোতিপ্রিয়বাবুর বাড়িতে ঢুকে হামলা করেছেন তিনি, এই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়। হতবাক হয়ে যান পরিবারের লোকজন। তবে, হাবড়ার স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ঘটনায় আশ্চর্য নয়। কারণ, এর আগে একাধিকবার হাবড়ায় এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তিনি। কখনও পুরসভার চেয়ারম্যান আবার কখনও আবার ভাইস চেয়ারম্যানের বাড়িতে গিয়ে হামলা চালিয়েছেন তিনি। তাঁর একটাই দাবি, চাকরি চাই। পুর চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা বলেন, একবার নয়, আমার বাড়িতে দু’বার এসেছিলেন ওই যুবক। সটান বাড়ির বারান্দার ঘরে উঠে এসে কার্যত হামলা চালান। একদিন রাতে আমার বাড়ির মূল দরজায় ধাক্কাধাক্কি করেন। আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দিলে তাঁরা এসে তাঁকে সরান। শুধু আমার বাড়ি নয়, ভাইস চেয়ারম্যানের বাড়িতে গিয়েও একাধিকবার এই ধরনের ঘটনা ঘটিয়েছেন এই যুবক।



