সংবাদদাতা, নবদ্বীপ: শনিবার নবদ্বীপ আঞ্চলিক ক্রীড়া সংস্থা পরিচালিত ২০২৪-’২৫ জুনিয়র ক্রিকেট লিগের দ্বিতীয় খেলায় জয়ী হল নবদ্বীপ নবীন দল। নবদ্বীপ নদীয়া ক্লাবের মাঠে পোড়াঘাট গৌরগঙ্গা স্পোর্টিং ক্লাবকে তারা ১০২ রানে হারায়। এদিন টসে জিতে নবীন দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারা ২৭.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯০ রান করে। পরে ব্যাট করতে নেমে পোড়াঘাট গৌরগঙ্গা স্পোর্টিং ক্লাব ১২.৪ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ৮৮ রান তোলে। ১০২ রানে জয়ী হয় নবীন দল।
Advertisement
নবদ্বীপ স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক জয়ন্ত গোস্বামী বলেন, গত ১০ জানুয়ারি নবদ্বীপ নদীয়া ক্লাবের মাঠে নদীয়া ডিস্ট্রিক্ট জুনিয়র ক্রিকেট লিগের খেলা শুরু হয়েছে। নবদ্বীপের আটটি দল অংশ নিয়েছে। দু’টি গ্রুপে ভাগ করে খেলাগুলি হচ্ছে। নবদ্বীপ আজাদ হিন্দ ক্লাব পরিচালিত টি-২০ লিগ কাম নকআউট ক্রিকেট টুর্নামেন্টের অষ্টম ম্যাচে জয়ী হল স্বরূপগঞ্জ হিরোজ ক্লাব। শনিবার স্থানীয় প্যাক কোম্পানির মাঠে তারা নবদ্বীপ শচীন-সৌরভ ফ্যান ক্লাবকে ১২৫ রানে হারিয়ে দেয়। এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বরূপগঞ্জ হিরোজ ক্লাব। তারা ২০ ওভারে ৭ উইকেটে ১৭৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে নবদ্বীপ শচীন-সৌরভ ফ্যান ক্লাব সবকটি উইকেট হারিয়ে ১১.৪ ওভারে ৫৪ রান করে।



