বেঙ্গালুরু: তিন-তিনবার শরীর ও হেলমেটে লাগল পেসার শেপো মোরেকির ডেলিভারি। তাই দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টে বেরিয়ে যেতে বাধ্য হলেন ঋষভ পন্থ। তখন ভারত ‘এ’ দলের ক্যাপ্টেনের নামের পাশে ১৭ রান। দ্বিতীয় ইনিংসে দল সেই সময় রীতিমতো অস্বস্তিতে, ৩৪তম ওভারে স্কোর ১০৮-৪। আহত অবসৃত হয়ে পন্থের বেরিয়ে যাওয়া আতঙ্কিত করে তুলেছিল ক্রিকেটপ্রেমীদের। এমনিতেই ইংল্যান্ড সফরে পায়ে চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে তিনি। তারপর ফের নতুন কোনও চোট লাগল না তো, আশঙ্কা বাড়ছিল। তবে তা উড়িয়ে দিয়ে ৮১তম ওভারে আবার মাঠে নামেন পন্থ। ৫৪ বলে থামেন ৬৫ রানে। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার ও চারটি ছক্কা।
ঋষভের ব্যাট হাতে নামার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে টিম ইন্ডিয়াকে স্বস্তি দিচ্ছে ধ্রুব জুরেলের গনগনে ফর্ম। প্রথম ইনিংসে নট আউট ১৩২ করার পর দ্বিতীয় ইনিংসেও শতরান এল তাঁর ব্যাটে। কঠিন পরিস্থিতিতে ১৭০ বলে অপরাজিত থাকলেন ১২৭ রানে। তাঁর ইনিংস সাজানো ছিল ১৫টি চার ও একটি ছক্কায়। কোনও সংশয় নেই, ইডেনে শুক্রবার সিরিজের প্রথম টেস্টে তাঁর খেলার দাবি জোরালো। শোনা যাচ্ছে, অলরাউন্ডার নীতীশ রেড্ডির জায়গায় বাড়তি ব্যাটসম্যান হিসেবে জুরেলকে খেলানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। ব্যাট হাতে নজর কাড়লেন হর্ষ দুবেও (৮৪)। পন্থ আউট হতেই দ্বিতীয় ইনিংস (৩৮২-৭) ডিক্লেয়ার করা হয়। প্রোটিয়াদের সামনে টার্গেট দাঁড়ায় ৪১৭ রানের। জবাবে তৃতীয় দিনের শেষে বিনা উইকেটে ২৫ তুলেছে দক্ষিণ আফ্রিকা ‘এ’।