Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পন্থের সঙ্গে ভাবনায় জুরেলও

ইডেনের ঘড়ি বলছে চারটে বেজে তেইশ। রক্তরাঙা সূর্য ঢলে পড়ছে  গঙ্গাবক্ষে। ঘণ্টা তিনেকের প্র্যাকটিস শেষে ভারতীয় ক্রিকেটাররা ড্রেসিং-রুমে।

পন্থের সঙ্গে ভাবনায় জুরেলও
  • ১৩ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

সুকান্ত বেরা, কলকাতা: ইডেনের ঘড়ি বলছে চারটে বেজে তেইশ। রক্তরাঙা সূর্য ঢলে পড়ছে  গঙ্গাবক্ষে। ঘণ্টা তিনেকের প্র্যাকটিস শেষে ভারতীয় ক্রিকেটাররা ড্রেসিং-রুমে। মাঠের এক কোণে তখনও দাঁড়িয়ে কোচ গৌতম গম্ভীর। সঙ্গী ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। পরে যোগ দিলেন বোলিং কোচ মর্নিং মর্কেলও। মিনিট দশেক ধরে চলল আলোচনা। তারপর ডেকে নেওয়া হল কিউরেটর সুজন মুখার্জিকেও। গিলদের হেডস্যার তাঁর দিকে হাত নেড়ে কিছু বোঝানোর চেষ্টা করছিলেন। তাহলে কি ইডেনের পিচ দেখে খুশি নন গম্ভীর? নাকি অন্য সমস্যা? সুজনের কানে মোবাইল ফোন। দেখে মনে হল, তিনি বেশ চাপে। কেন? গম্ভীর নাকি পিচ নিয়ে নতুন দাবি পেশ করেছেন। হোম টিম বরাবরই অ্যাডভান্টেজ পেয়ে থাকে। এক্ষেত্রে গিলদের হেডস্যারের দাবি-দাওয়ার মধ্যে অন্যায় কিছু নেই। কোচ নাকি চাইছেন, বল প্রথম দিন থেকেই ঘুরুক। কিন্তু তা মানা সম্ভব নয় বলে সুজন নাকি জানিয়ে দিয়েছেন। তা নিয়েই বিরোধ। বলা ভালো, ফ্রিডম সিরিজের প্রথম টেস্টের বল গড়ানোর আগে কিউরেটর বনাম কোচ গম্ভীরের ঠান্ডা লড়াই রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে।

Advertisement

ঘরের মাঠে র‌্যাঙ্ক টার্নার বানিয়ে বিপক্ষকে ধরাশায়ী করাই ভারতের মূল মন্ত্র। কিন্তু এই দক্ষিণ আফ্রিকা দলটা অন্য ধাতুতে গড়া। বাভুমারা তৈরি হয়েই এসেছেন। চার স্পিনার স্কোয়াডে। খেলাতে পারেন তিনজনকে। পাকিস্তানের বিরুদ্ধে কেশব মহারাজরা যেরকম বোলিং নিদর্শন মেলে ধরেছেন, তাতে র‌্যাঙ্ক টার্নার ব্যুমেরাং হতে পারে। তাছাড়া ম্যাচ আড়াই দিনে শেষ হোক, সেটা চাইছেন না সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলিও। তাই স্পোর্টিং উইকেটের উপরই জোর দেওয়া হয়েছে। মনে রাখা দরকার, র‌্যাঙ্ক টার্নার বানিয়ে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের লজ্জা হজম করতে হয়েছিল। তবুও গম্ভীর নাছোড়বান্দা। তাঁর বিশ্বাস, স্পিনেই হবে বাজিমাত। রাবাডা, জানসেনদের স্যুইং সামলানোর চেয়ে মহারাজদের স্পিন খেলা অনেক সহজ হবে বলেও ধারণা ভারতীয় শিবিরের। 
একই সঙ্গে ব্যাটিং শক্তিশালী করে জয়ের পথ খোলার কৌশল নিচ্ছে টিম ইন্ডিয়া। সহকারী কোচ রায়ান ডয়েশকাটে বুধবার সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন, কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ। সেখানে কুলদীপের জায়গা হচ্ছে না। কারণ, তিন স্পিন অলরাউন্ডার খেলাতে চায় টিম ম্যানেজমেন্ট। অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের ব্যাটটাও ভালো। আর ঋষভ পন্থ ফিরছেন নীতীশ রেড্ডির জায়গায়। তিনি উইকেটরক্ষার দায়িত্বে। রেড্ডিকে পাঠানো হচ্ছে রাজকোটে। খেলতে পারেন ভারতীয় ‘এ’ দলের হয়ে। তবে ধ্রুব জুরেলও স্পেশালিস্ট ব্যাটার হিসেবে ইডেনে নামতে চলেছেন। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে ডাবল-সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। দুই উইকেটকিপার প্রথম একাদশে, ভারত শেষ কবে টেস্ট খেলেছে বলা কঠিন। তবে সময়ের দাবি মেনে নিতে বাধ্য হচ্ছে টিম ম্যানেজমেন্ট। বিপক্ষের শক্তিশালী বোলিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আঁটসাঁট ব্যাটিংও তো দরকার!

Advertisement
সম্পর্কিত সংবাদ