Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমান মেডিকেলে মদ বিক্রির তদন্তের দাবিতে অধ্যক্ষের দ্বারস্থ জুনিয়র ডাক্তাররা

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের হস্টেলে মদ বিক্রির ঘটনাকে কেন্দ্র করে সোমবার উত্তেজনা ছড়াল।

বর্ধমান মেডিকেলে মদ বিক্রির তদন্তের দাবিতে অধ্যক্ষের দ্বারস্থ জুনিয়র ডাক্তাররা
  • ১৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের হস্টেলে মদ বিক্রির ঘটনাকে কেন্দ্র করে সোমবার উত্তেজনা ছড়াল। কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন ওই ঘটনার তদন্তের দাবিতে কয়েকজন জুনিয়র ডাক্তার অধ্যক্ষের দ্বারস্থ হন। অন্য পড়ুয়ারা তাদের ‘বহিরাগত’ তকমা দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীরা অভয়া আন্দোলনে প্রথম সারিতে ছিলেন। এদিন যাঁরা মদ বিক্রির ঘটনার তদন্তের দাবিতে কলেজে এসেছিলেন তাঁদের বিরুদ্ধে অতীতে ‘থ্রেট কালচার’ চালানোর অভিযোগে বিক্ষোভকারীরা সরব হয়েছিলেন। দু’পক্ষের বাদানুবাদে কলেজে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলেজ চত্বরে র‌্যাফ মোতায়েন করা হয়।

Advertisement

বিক্ষোভকারী প্রহ্লাদ অধিকারী বলেন, এদিন কলেজে টিচার কাউন্সেলিংয়ের বৈঠক ছিল। ওরা পরিকল্পনামাফিক অশান্তি পাকাতে এসেছিল। যারা এদিন কলেজে এসেছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। ওদের কলেজে ঢুকতে দেওয়া যাবে না। হাউসস্টাফ শুভ্রনীল ঘোষ বলেন, স্পন্দন অনুষ্ঠানের দিন বয়েজ হস্টেল থেকে মদ বিক্রি করা হয়েছিল। সেই ভিডিও ভাইরাল হয়েছে। এই ঘটনার বিচার চাই। যারা হস্টেলে মদ বিক্রি করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। 
কলেজ সূত্রে জানা গিয়েছে, হস্টেলে মদ বিক্রির ভিডিও ভাইরাল হতেই কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করা হয়। তারপরই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। তারা তদন্ত করে। সেই রিপোর্ট এখনও সামনে আসেনি।
প্রসঙ্গত, অনুষ্ঠানের দিন কলেজের হস্টেলের মদের ‘কাউন্টার’ খোলার ভিডিও সামনে আসে। বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল পরপর সাজানো ছিল। এছাড়া বিয়ার ঠান্ডা রাখার জন্য আলাদা বক্স আনা হয়েছিল। হস্টেলের ওই রুম থেকে পড়ুয়ারা গিয়ে নিজেদের পছন্দের ব্র্যান্ডের মদের বোতল কিনে আনে। নির্দিষ্ট দামের থেকে বেশি দরেই মদ বিক্রি করা হচ্ছিল। তাতেও ক্রেতার অভাব ছিল না। ওই ভিডিও ভাইরাল হওয়ার পর শোরগোল পড়ে যায়। পড়ুয়াদের হস্টেলে মদ বিক্রির ঘটনার প্রসঙ্গে অনেকেই অভয়ার আন্দোলনকারীদের একাংশকে কটাক্ষ করেন।  ওই অনুষ্ঠানে তাঁরাই মূলত সামনের সারিতে ছিলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ