নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: নারী দিবসের সকালে অভিনব উদ্যোগ বহরমপুর আদালতে। শনিবার লোক আদালতের আয়োজন করা হয়। শহরের এক মহিলা টোটো চালককে বিচারকের আসনে বসানো হয়। বহরমপুর কান্তনগরের বাসিন্দা রাধারানি দাস গত পাঁচ বছর ধরে টোটো চালিয়ে সংসার চালান। তাঁর উপার্জিত টাকায় সংসার চলে। তাঁকেই এক দিনের জন্য বিচারকের ভূমিকায় বসানো হল। পথচলতি মানুষ তাঁকে ভালোভাবেই চেনেন। এদিন বিচারকের ভূমিকায় তাঁকে দেখতে পেয়ে সকলেই বিস্মিত। জাতীয় লোক আদালতের মাধ্যমে প্রতি বছরই বিশেষ ধরনের আইনি পরিষেবা দেওয়া হয়। সাধারণ মানুষের দ্রুত এবং বিনামূল্যে মামলা নিষ্পত্তির জন্য এই বিশেষ আদালত চালু করা হয়েছে। যেখানে সাধারণ আদালতের চেয়ে কম সময়ে এবং কম খরচে বিচার পাওয়া যায়। আন্তর্জাতিক নারী দিবসের সকালে বহরমপুর আদালতে এই বছরের প্রথম লোক আদালতের আয়োজন করা হয়। জেলার অন্যান্য মহকুমা আদালতেও বসে বিশেষ বেঞ্চ। এদিন আদালতের বেঞ্চগুলিতে ১০ হাজারের বেশি মামলার নিষ্পত্তি করা হয়েছে।



