Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জাতীয় ফিন সুইমিংয়ে জোড়া ব্রোঞ্জ পদক জয় কোচবিহারের শুভমের

জাতীয় ফিন সুইমিংয়ে জোড়া ব্রোঞ্জ পদক জয় কোচবিহারের শুভমের
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তুফানগঞ্জ: চতুর্থ জাতীয় ফিন সুইমিং প্রতিযোগিতায় জোড়া ব্রোঞ্জ পদক জয় করল কোচবিহারের শুভম চক্রবর্তী। তার এই সাফল্যে কোচবিহার জেলাজুড়ে খুশির হাওয়া বইছে। ১৪ নভেম্বর দিল্লির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুইমিং পুল কমপ্লেক্সে এই প্রতিযোগিতার আসর বসে। দেশের ২৮টি রাজ্যের প্রতিযোগীরা এখানে অংশগ্রহণ করে। কোচবিহার জেলা থেকে অংশ নিয়েছিল তিন প্রতিযোগী। সিনিয়র ‘এ’ বিভাগে  ৪০০ ও ৮০০ মিটার ইভেন্টে শুভম দুটি ব্রোঞ্জ পদক জিতেছেন। কোচবিহার শহরের ১১ নম্বর ওয়ার্ডের নিউ কদমতলা এলাকার বাসিন্দা শুভম বিবেকানন্দ বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণির ছাত্র। পড়াশোনার পাশাপাশি ছোট থেকেই সাঁতারের প্রতি তার আলাদা ঝোঁক রয়েছে। শুভম বলে, এর আগে দু’বার এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। এবার সাফল্য এসেছে। আগামীদিনের জন্য আরও ভালোভাবে প্রস্তুতি শুরু করব। এব্যাপারে জেলা ফিন সুইমিং অ্যাসোসিয়েশনের সম্পাদক রমেন বিশ্বাস বলেন, শুভম জেলার নাম উজ্জ্বল করেছে। ওর এই সাফল্য অন্য সাঁতারুদের উৎসাহ বাড়াবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ