Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জাতীয়স্তরে জিমন্যাস্টিকে গোল্ড সুদীপ-সঙ্গীতার

জাতীয়স্তরে জিমন্যাস্টিকে গোল্ড সুদীপ-সঙ্গীতার
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: যোগাসনের পর এবার জিমন্যাস্টিকে জাতীয়স্তরে সাফল্য অর্জন করলেন কোতুলপুরের দুই যুবক-যুবতী। সুদীপ দাস ও সঙ্গীতা লোহার গুজরাতের সুরাটে আয়োজিত জাতীয়স্তরের প্রতিযোগিতায় গোল্ড মেডেল পেয়েছেন। সারা দেশে কোতুলপুরের সুনাম বাড়ানোয় এলাকার বাসিন্দারা তাঁদের সাধুবাদ জানিয়েছেন। সেই সঙ্গে তাঁদের সাফল্যে কোচ সহ পরিবারের সদস্যরাও ভীষণ খুশি। শুধু তাই নয়, একই প্রতিযোগিতায় জুনিয়র বিভাগে কোতুলপুরেরই বাসিন্দা দেবজিৎ কর্মকার ও সৌমিলি রায় ব্রোঞ্জ মেডেল অর্জন করেছে। 
Advertisement
প্রসঙ্গত, মঙ্গলবারই কোতুলপুরের গাঁতি গ্রামের বাসিন্দা সাত্ত্বিক মণ্ডল ভুবনেশ্বরে বিশ্ববিদ্যালয়স্তরে আটিস্টিক যোগাসন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন। তার জন্য তিনি ২০২৬সালে এশিয়ান গেমসে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। এবার জিমন্যাস্টিকেও অপর চারজন সাফল্য অর্জন করায় কোতুলপুরের নাম উজ্জ্বল হয়েছে। 
সুদীপ ও সঙ্গীতার কোচ দীপ্তাম্বর হালদার বলেন, ওয়েস্ট বেঙ্গল জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের তরফে বাঁকুড়া জেলা থেকে মোট ছ’জন গুজরাতে জিমন্যাস্টিক ফেডারেশন অব ইন্ডিয়া আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে অ্যাক্রোবেটিক জিমন্যাস্টিকে দু’জন এবং মিক্স পেয়ার বিভাগে দু’জন সাফল্য পেয়েছে। তারা প্রত্যেকেই কোতুলপুর ইলেভেন বুলেট ক্লাবে অনুশীলন করে। আমরা ওদের শ্রীবৃদ্ধি কামনা করি। 
কোতুলপুর ইলেভেন বুলেট ক্লাবের সম্পাদক মধুসূদন মল্লিক বলেন, আমরা এলাকার দরিদ্র ছেলেমেয়েদের বহুবছর ধরে যোগাসন এবং জিমন্যাস্টিক অনুশীলন করাই। গত কয়েকবছর ধরে একাধিক শিক্ষার্থী রাজ্য এবং জাতীয়স্তরে সাফল্য পাওয়ায় আমরা গর্বিত।  
অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, গত ২৮ ডিসেম্বর থেকে ৩১ডিসেম্বর পর্যন্ত জিমন্যাস্টিক ফেডারেশন অব ইন্ডিয়া গুজরাতে প্রতিযোগিতার আয়োজন করেছিল। সারা দেশের বিভিন্ন রাজ্য থেকে কয়েকশো প্রতিযোগী অংশ নিয়েছিল। বাঁকুড়া জেলা জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের তরফে মোট ছ’জনকে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে দু’জন গোল্ড মেডেল এবং দু’জন ব্রোঞ্জ মেডেল পেয়েছে। গোল্ড মেডেল পাওয়া সুদীপের বাড়ি কোতুলপুরের গাঁতি গ্রামে। সঙ্গীতার বাড়ি স্থানীয় শিরোমণিপুর গ্রামে। এছাড়াও ব্রোঞ্জ মেডেল পাওয়া দেবজিৎ কর্মকারের বাড়ি গোগড়া গ্রামে এবং সৌমিলির বাড়ি স্থানীয় বাগরোল গ্রামে। তাদের কৃতিত্বে এলাকায় খুশির হাওয়া।
সম্পর্কিত সংবাদ