Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জুটমিলের বর্জ্যে বদ্ধ নিকাশি নালা, দুর্গন্ধে অতিষ্ঠ পঞ্চায়েতের বাসিন্দারা

জুটমিলের বর্জ্যে বদ্ধ নিকাশি নালা, দুর্গন্ধে অতিষ্ঠ পঞ্চায়েতের বাসিন্দারা
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: দিনের পর দিন বেসরকারি জুট মিলের বর্জ্য জমে বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে গ্রামের একমাত্র নিকাশি নালা। ময়লা আবর্জনা পচে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়েছে জুট মিল লাগোয়া বাসিন্দাদের। দরজা জানালা বন্ধ করেও দুর্গন্ধ থেকে রেহাই মিলছে না। পাশাপাশি বছরভর মশার উপদ্রবে জেরবার হচ্ছেন তাঁরা। এমনকী পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় পথচলতি মানুষকে নাকে রুমাল দিতে হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, জুট মিল কর্তৃপক্ষ থেকে স্থানীয় পঞ্চায়েতকে এই বিষয়ে একাধিকবার জানিয়েও কোনও সুরাহা হয়নি। কাজেই বিগত বেশ কয়েক বছর ধরে গ্রামবাসীদের দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে। সমস্যা সমাধানে স্থানীয় পঞ্চায়েতের পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা। 
Advertisement
নতুনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহেব শেখ বলেন, বিষয়টি কেউ আমাকে জানাননি। তবে খোঁজ নিয়ে দেখছি।
মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকের নতুন গ্রাম পঞ্চায়েতের ফুলবাগানে একটি বেসরকারি জুট মিল রয়েছে। স্থানীয় ও বহিরাগত মিলিয়ে কয়েকশো কর্মী এখানে কাজ করেন। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেপ্রতিদিনের ক্যান্টিনের পচা, বাসি খাবার, প্লাস্টিকের থালা ও গ্লাস সহ মিলের ব্যবহৃত বর্জ্য প্রতিদিন ড্রামে করে সামনের রাস্তার পাশে সরকারি নিকাশি নালায় ফেলা হচ্ছে। ফলে নোংরা আবর্জনা জমে ২০০ মিটার এলাকা জুড়ে নিকাশি নালা বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে। 
এছাড়া মিলের শৌচালয়ের নোংরা দুর্গন্ধ যুক্ত জল অনবরত সরকারি নিকাশি নালায় এসে পড়ছে। শ্রীশনগরের বাসিন্দা অনিল সরকার বলেন, এই রাস্তা দিয়ে প্রায় প্রতিদিন যাতাযাত করতে হয়। দুর্গন্ধে পথ চলা দায়। নাকে রুমাল দিয়েওই রাস্তাটুকু পার হতে হয়। মিলের পাশেই বাড়ি ও দোকান রয়েছে উজ্জ্বল সিংহ নামে এক যুবকের। তিনি বলেন, নিকাশি নালার দুর্গন্ধে টেকা যাচ্ছেনা। সারা দিনে এক মুহূর্তের জন্য দরজা জানালা খোলার উপায় নেই। 
এদিকে আবার গোদের উপর বিষ ফোঁড়ার মতো মশার উপদ্রব রয়েছে। ফুলবাগানের বাসিন্দা অশোক পাল বলেন, পঞ্চায়েত থেকে ব্লকের বেশ কয়েকজন আধিকারিক ও কর্মী অফিসে যাওয়ার জন্য এই রাস্তা ব্যবহার করে থাকেন। প্রতিদিন তাঁদের নজরে পড়লেও সমস্যা সমাধানে কোনও হেলদোল নেই। জুট মিলের ম্যানেজার পার্থসারথি উপাধ্যায় বলেন, দূরের পরিত্যক্ত এলাকায় আবর্জনা ফেলা হয়ে থাকে। হয়তো দু’-একদিন নিকাশি নালায় ফেলেছে। এটাও যাতে না হয়, সেটা দেখছি।
সম্পর্কিত সংবাদ