সংবাদদাতা, বর্ধমান: এক মাসে বেশ কয়েকটি জটিল অস্ত্রোপচারে সাফল্য পেয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক-কান-গলা(ইএনটি) বিভাগ। এক ন’মাসের শিশুকন্যার ফুসফুসে ঢুকে যাওয়া বাদামের টুকরো বের করা হয়েছে। ১৫ বছরের এক কিশোরীর ফুসফুসে আটকে থাকা খোলা সেফটিপিন অস্ত্রোপচার করে বের করেছেন চিকিৎসকরা। অত্যন্ত ঝুঁকি সত্ত্বেও দু’টি অস্ত্রোপচারই সফল হয়েছে। এছাড়া, আরও বেশ কিছু অস্ত্রোপচার সফল হয়েছে।
Advertisement
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মাসখানেকের মধ্যে বেশ কয়েকটি জটিল অস্ত্রোপচার হয়েছে। বিভাগীয় প্রধান চিকিৎসক সোমনাথ সাহা, ঋতম রায় সহ কয়েকজন চিকিৎসকের টিম এসব অস্ত্রোপচার করেছে। কয়েকটি ক্ষেত্রে অস্ত্রোপচারে দীর্ঘ সময় লেগেছে।চিকিৎসক ঋতম রায় বলেন, এধরনের অস্ত্রোপচার খুব ঝুঁকিপূর্ণ। ফুসফুসে আটকে যাওয়া সেফটিপিনটি খোলা অবস্থায় ছিল। সামান্য ভুলচুক হলে ফুসফুসে রক্তপাত হয়ে বিপদের আশঙ্কা ছিল। শিশুর শ্বাসনালিতে আটকে থাকা বাদাম বের করার সময়ও ঝুঁকি ছিল। প্রতিটি ক্ষেত্রেই বিনা রক্তপাতে অস্ত্রোপচার সফল হয়েছে। বাইরে এধরনের অস্ত্রোপচারে খরচও অনেক। কিন্তু হাসপাতালে বিনা খরচে অস্ত্রোপচার হয়েছে। হাসপাতালে আরও বেশকিছু অস্ত্রোপচারে সাফল্য মিলেছে। এক ব্যক্তির চোখের নীচে বিশাল টিউমার হয়েছিল। চিকিৎসকরা সেটি অস্ত্রোপচার করে বাদ দিয়েছেন। এছাড়া, একজনের কানের নীচে ও আরেকজনের গলায় থাকা টিউমারের সফল অস্ত্রোপচার হয়েছে। এক প্রৌঢ়ের গালে হওয়া বড় মাপের টিউমার একইভাবে বাদ দিয়েছেন চিকিৎসকরা। এক লরির খালাসির শ্বাসনালিতে আটকে থাকা লোহার শিকলের অংশ তাঁরা নিরাপদে বের করে এনেছেন।



