নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: জাতীয় স্তরের আন্তঃ বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় সাফল্য পেল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। এই বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের দলের সদস্যা শ্রীজিতা ঘোষ তৃতীয় স্থান অধিকার করেছেন। তিনি মেদিনীপুর কলেজের ইংরেজি অনার্সের প্রথম বর্ষের ছাত্রী। বুধবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য সুশান্তকুমার চক্রবর্তী শ্রীজিতাকে সংবর্ধনা দিয়েছেন। জানা গিয়েছে, গত ১ মার্চ নিউ দিল্লিতে ওই প্রতিযোগিতা হয় এর উদ্যোক্তা ছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব পার্লামেন্টারিয়ানস অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্থা। এই বিতর্ক প্রতিযোগিতায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিও অংশগ্রহণ করেছিল। সেই প্রতিযোগিতায় সাফল্য আসায় খুশি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন উপাচার্য সুশান্তকুমার চক্রবর্তী বলেন, শ্রীজিতার সাফল্যে সকলেই গর্বিত। এই সাফল্য অন্যান্য ছাত্রছাত্রীদের উৎসাহিত করবে বলে আশাবাদী। এদিন শ্রীজিতা ঘোষ বলেন, এত বড় প্রতিযোগিতায় সাফল্য আসায় খুশি। বিশ্ববিদ্যালয়, কলেজ ও পরিবারের সদস্যরা পাশে থাকায় সম্ভব হল।



