সংবাদদাতা, গঙ্গারামপুর: আদালতের নির্দেশে গঙ্গারামপুরের কোরিয়াল এলাকায় ছ’টি বাড়ি সরিয়ে দিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আদালতের নির্দেশ অনুযায়ী গঙ্গারামপুর কোরিয়াল এলাকায় ৫১২ নং জাতীয় সড়কের পাশে জবরদখল মুক্ত অভিযানে নামে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ঘটনাস্থলে গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তর থেকে আধিকারিক, গঙ্গারামপুর থানার বিশাল পুলিস বাহিনী ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের মালদহ ডিভিশনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। দুটি বুলডোজার দিয়ে পূর্ত দপ্তরের জায়গায় থাকা বেশ কয়েকজনের ঘর ভেঙে দেওয়া হয়। এতে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। মহিলারা পূর্ত দপ্তরের জায়গাতে থাকা বাড়ি ভাঙতে গেলে বাধা দেয়। প্রশাসন সূত্রে খবর, কোরিয়াল এলাকায় দীপঙ্কর রায় নিজের জায়গায় পেট্রোল পাম্প তৈরির লাইসেন্স পেয়েছেন। তিনি পাম্পের জন্য কাজও শুরু করেন। কিন্তু তার জমির সামনে পূর্ত দপ্তরের জায়গা দখল করে বাড়ি বানিয়ে বসবাস করছিল একাধিক পরিবার। আদালতে মামলা করেন পাম্পের মালিক। আদালতের নির্দেশে পূর্ত দপ্তর তাদের জায়গা দখলমুক্ত করতে আসে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিক দিগন্ত কুণ্ডু বলেন, আগস্ট মাসে আদালতের নির্দেশ আসে কোরিয়াল এলাকায় সরকারি জায়গা খালি করার। সেই মতো বসবাসকারীদের আমরা সরিয়ে যেতে বলি। আদালতের নির্দেশে আমরা জায়গা খালি করতে এসে বাধার মুখে পড়ি। ৩ মাসের সময় দেওয়ার পরেও জায়গা না ছাড়ায় প্রশাসনকে সঙ্গে নিয়ে জবরদখল মুক্ত করেছি।
Advertisement
বসবাসকারী টুম্পা ঘোষ বলেন, আমরা প্রায় ৫০ বছর ধরে এই জায়গাতে বসবাস করছি। পুনর্বাসন না দিয়ে বাড়ি ভেঙে দেওয়া হল। পাম্পের মালিক দীপঙ্কর রায় বলেন, পেট্রোল পাম্পের জন্য প্রশাসনের সমস্ত বিভাগের এনওসি আমার কাছে রয়েছে। আদালতের নির্দেশে আমার জায়গার সামনে খালি করার নির্দেশ থাকলেও একাধিকবার বাধার মুখে পড়ে কাজ বন্ধ হয়েছে। অবশেষে কাজটি সম্পন্ন করেছে প্রশাসন।



