Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জাতীয় সড়কে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ও গয়না লুট, বর্ধমানে গ্রেপ্তার ১

জাতীয় সড়কে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ও গয়না লুট, বর্ধমানে গ্রেপ্তার ১
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ও সোনার গয়না কেড়ে নেওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিস। ধৃতের নাম ছোট্টু দাস। বর্ধমান শহরের তিনকোনিয়া গুডসশেড রোড এলাকায় তার বাড়ি। বুধবার ভোররাতে জাতীয় সড়কের পাশে মেমারি থানার সরডাঙা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেরায় ধৃত লুটপাটে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিসের দাবি। তার সঙ্গে আরও কয়েকজন ঘটনায় জড়িত বলে ধৃত পুলিসকে জানিয়েছে। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে ৬ দিন পুলিসি হেফাজতের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।
Advertisement
পুলিস জানিয়েছে, শনিবার রাতে কলকাতার এক বাসিন্দা সহ কয়েকজন গাড়িতে বীরভূমের তারাপীঠে যাচ্ছিলেন। জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় ভোরে ৩-৪ জন দুষ্কৃতী মেমারি থানার কানাইডাঙা মোড়ের কাছে গাড়িটিকে আটকায়। এরপর দুষ্কৃতীরা গাড়ির যাত্রীদের আগ্নেয়াস্ত্র ও ছুরি দেখিয়ে তাঁদের কাছে থাকা টাকা ও সোনার গয়না কেড়ে নিয়ে চম্পট দেয়। ঘটনার দিন দুপুরে এনিয়ে মেমারি থানায় অভিযোগ জমা পড়ে। 
বর্ধমানে ৭ জুয়াড়ি গ্রেপ্তার: ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। শহরের ছোটনীলপুর, গোদার দাসপাড়া, বাঁধপাড়া, কাঞ্চননগর ও খাজা আনোয়ার বেড় এলাকায় ধৃতদের বাড়ি। পুলিস জানিয়েছে, মঙ্গলবার রাতে গোদা বাইপাস এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে জুয়ার আসর বসেছিল। খবর পেয়ে পুলিস সেখানে গিয়ে ৭ জনকে ধরে ফেলে। ধৃতদের কাছ থেকে তাস, ৭৫৫০ টাকা প্রভৃতি উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি। 
বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত: বালি বোঝাই একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে বর্ধমান থানার পুলিস। ট্রাক্টরটির চালককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদরঘাটের দিক থেকে বালি বোঝাই ট্রাক্টরটি গলসির দিকে যাচ্ছিল। 
সম্পর্কিত সংবাদ