নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কথায় আছে, ‘পুরনো চাল ভাতে বাড়ে।’ মোদি সরকার যতই ইউপিএ আমলের সমালোচনা করুক না কেন, আদতে পুরনো প্রকল্পগুলিকে নয়া মোড়কে বাজারে আনা হচ্ছে। স্রেফ নাম বদলে চালছে দেদার প্রচার। সেই পথেই এবার বদলে যেতে চলেছে ‘জাতীয় খাদ্য সুরক্ষা মিশনে’র নাম। ২০০৭ সালে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় দেশে চাল, গম, ডালের উৎপাদন বাড়ানোর টার্গেট নেয় কেন্দ্র। পরে ২০১২ সালে ইউপিএ সরকার সেই প্রকল্পে যুক্ত করে দানাশস্য। এবার দানাশস্য উৎপাদনে জোর দিয়ে পুষ্টিকর খাদ্যশস্যর বিষয়টিকে সামনে আনছে মোদি সরকার। বদলে দেওয়া হবে নামও। নতুন নাম হতে চলেছে ‘জাতীয় খাদ্য সুরক্ষা এবং পোষণ যোজনা।’ গুরুত্ব দেওয়া হবে ১ কোটি ৩০ লক্ষ টন বাড়তি খাদ্যশস্য উৎপাদনে। বাড়তি চাষের টার্গেটে ৫০ লক্ষ টন চাল, ৩০ লক্ষ টন গম, ৩০ লক্ষ টন ডাল এবং ২০ লক্ষ টন দানাশস্য রাখা হয়েছে। জোয়ার, বাজরা, রাগির মতো দানাশস্যকে সরকার ‘শ্রীঅন্ন’ নামের মোড়ক দিয়েছে।



