Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জরাজীর্ণ রান্নাঘর, ৩ মাস ধরে বন্ধ মিড ডে মিল, বরাবাজারে তুমুল বিক্ষোভ

জরাজীর্ণ রান্নাঘর, ৩ মাস ধরে বন্ধ মিড ডে মিল, বরাবাজারে তুমুল বিক্ষোভ
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: জরাজীর্ণ স্কুল। যে ঘরে মিড ডে মিল রান্না হয়, সেই ঘরের অবস্থা আরও বেহাল। চাঙড় খসে পড়ে। ছাদ ফুটো হয়ে গিয়েছে। বর্ষায় জল পড়ে, দিনের বেলায় উঁকি মারে সূর্য। ফলে দীর্ঘ তিনমাস ধরে বন্ধ মিড ডে মিলের রান্না। এনিয়ে স্কুলের তরফে বারংবার বিডিও থেকে শুরু করে স্কুল ইন্সপেক্টরকে বিষয়টি জানানো হলেও কোনও পদক্ষেপই তাঁরা নেননি। তাই মঙ্গলবার বরাবাজার ব্লকের হাড়ামডি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। 
Advertisement
জানা গিয়েছে, এই স্কুলে প্রায় ৪৪জন পড়ুয়া রয়েছে। স্কুলে দু’জন স্থায়ী শিক্ষক ও একজন চুক্তিভিত্তিক শিক্ষিকা রয়েছেন। এহেন স্কুলেই দীর্ঘ তিনমাস ধরে বন্ধ মিড ডে মিল। স্কুল সূত্রের খবর, স্কুলভবনের বেহাল অবস্থা দীর্ঘদিন ধরেই। রান্নাঘরের অবস্থা আরও জীর্ণ। বর্ষার সময় ছাদ চুঁইয়ে জল পড়ত। আগস্টে যখন নিম্নচাপের বৃষ্টি শুরু হল, তখনই একদিন হঠাৎ করে ছাদ থেকে চাঙড় খসে পড়ে। ছাদ ফুটো হয়ে যায়। তারপর থেকেই বন্ধ রান্না। এর দায় অবশ্য স্কুল কর্তৃপক্ষ নিতে নারাজ। স্কুলের প্রধান শিক্ষক তুলসীপদ রুইদাস, সহ শিক্ষক সুশান্ত পাত্র বলেন, ওই ঘটনার পর থেকে আমরা স্থানীয় পঞ্চায়েত, স্কুল ইন্সপেক্টর থেকে শুরু করে বিডিও অফিসেও বিষয়টি জানিয়েছিলাম। কিন্তু, আমাদের বাইরে ত্রিপল টাঙিয়ে রান্না করতে বলা হয়েছিল। আমরা সেই নির্দেশ লিখিত দিতে বলেছিলাম। যদিও তা না পাওয়ায় রান্নার কাজ শুরু করতে পারিনি।
প্রায় তিনমাস ধরে মিড ডে মিল বন্ধ থাকায় মঙ্গলবার স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান পড়ুয়াদের অভিভাবকরা। শান্তিপদ মাহাত, দীপক কুমার মাহাত, দেবাশিস মাহাত বলেন, প্রশাসন কতটা উদাসীন হলে এই অচলাবস্থা চলতে পারে। প্রশাসন কোনও পদক্ষেপ না নেওয়ায় আমরা স্কুলে তালা ঝোলাতে বাধ্য হয়েছি। যতদিন না সমস্যা মিটছে, ততদিন না হয় স্কুল বন্ধ থাকুক। 
এরপরেই ‘চৈতন্য’ ফেরে প্রশাসনের। বিডিও অফিস ও স্কুল শিক্ষা দপ্তর থেকে দুই শিক্ষকবন্ধুকে স্কুলে পাঠানো হয়। তাঁরা দ্রুত রান্নাঘর সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপরেই স্কুলের তালা খোলেন গ্রামবাসীরা।
সম্পর্কিত সংবাদ