Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জরাজীর্ণ হাড়াই সেতু সংস্কারের দাবি

জরাজীর্ণ হাড়াই সেতু সংস্কারের দাবি
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরুলিয়া: পুরুলিয়ার বড়াসিনী-কাশীপুর সড়কের হাড়াই সেতু বহুদিন ধরে বিপজ্জনক অবস্থায় রয়েছে। জরাজীর্ণ সেতুটির পিলারের অবস্থা খারাপ থাকায় যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদ অবধি সর্বত্র সেতু সংস্কারের আর্জি জানানো হয়েছে। কিন্তু প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা তাতে কর্ণপাত করেননি।
Advertisement
পুরুলিয়ার মফস্‌সল থানার বড়াসিনী-কাশীপুর রাস্তাটি এমনিতে ঝাঁ চকচকে। এর আগে রাস্তাটি সংস্কার হলেও তার উপর থাকা হাড়াই সেতু বহুদিন ধরে সংস্কার করা হচ্ছে না। দিন দিন সেই সেতুর অবস্থা আরও জরাজীর্ণ হয়ে পড়েছে। এলাকার বাসিন্দা অঙ্গদ বাউরি বলেন, সিঁদুরপুর ও চুনারডির মাঝামাঝি এলাকায় হাড়াই সেতু আছে। সেটির রেলিং ভেঙে গিয়েছে। নীচের পিলারের অবস্থাও ভালো নয়। কিন্তু সংস্কার হচ্ছে না।
পুরুলিয়া-২ ব্লকের আগুয়া নররা পঞ্চায়েতের সিঁদুরপুর, হুড়া ব্লকের কলাবনী পঞ্চায়েতের পাঞ্জনিয়া, পাড়া ব্লকের ফুসরাবাইদ পঞ্চায়েতের বাগালিয়া, মহুলডি, বাঁধডি সহ বহু গ্রামের মানুষকে এই সেতু পেরিয়ে যাতায়াত করতে হয়। স্থানীয় প্রাথমিক শিক্ষক রহিম আনসারি বলেন, পঞ্চায়েত, ব্লক প্রশাসন, জেলা পরিষদ-পঞ্চায়েত ভোটের আগে থেকে এসব জায়গায় জানিয়েও লাভ হয়নি। এলাকার অপর বাসিন্দা আস্তিক মাহাত বলেন, ওই সেতুর কিছু পিলার প্রায় ২ ফুটেরও বেশি ঝুলন্ত অবস্থায় রয়েছে। নীচের ঢালাই পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে। ছোটবড় সবরকম গাড়ি ওই রাস্তা দিয়ে যাতায়াত করে। যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েত ভোটের অনেক আগে থেকেই সেতুটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। অনেক তাবড় নেতা, প্রশাসনিক আধিকারিকরাও মাঝেমধ্যেই ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন। তারপরও সেতুটি সংস্কারের বিষয়ে সবাই উদাসীন।
সম্পর্কিত সংবাদ