Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জুয়ার আসরে হানা, আক্রান্ত পুলিস

জুয়ার আসরে হানা, আক্রান্ত পুলিস
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত হল পুলিস। রবিবার রাতে ভাঙড় থানার শাকশহর গ্রামীণ মেলায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। দুষ্কৃতীরা লাঠি ও বাঁশ দিয়ে পুলিস কর্মীদের বেধড়ক মারধর করে। এরপর আটক জুয়াড়িদের পুলিসের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় ভাঙড় থানার চার পুলিসকর্মী জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে নলমুড়ি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করানো হয়। ভাঙড়, উত্তর কাশীপুর ও চন্দনেশ্বর থানা থেকে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের খোঁজে ধরপাকড় শুরু করে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাকশহর গ্রামের পীরের মেলায় জুয়ার আসর বসার অভিযোগ উঠেছিল। খবর পেয়ে এদিন রাতে  ভাঙড় থানার পুলিস কর্মীরা অভিযানে যান। পুলিস জুয়ার ঠেকে হানা দিতেই ক্ষিপ্ত হয়ে ওঠে জুয়াড়িরা। কয়েক জন অভিযুক্তকে ধরে আনার সময় হামলা চালানো হয়। পুলিস কর্মীদের মারধর করে তাদের ছাড়িয়ে নেওয়া হয়। অভিযোগ, এই মেলা কমিটির সঙ্গে শাসক দলের স্থানীয় বেশ কয়েক জন নেতা যুক্ত। সেই মেলায় জুয়ার আসর কিভাবে বসানো হল তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। শুধু তাই নয়, হামলাকারীদের মধ্যে স্থানীয় নেতাদের ঘনিষ্ঠরা যুক্ত বলে অভিযোগ। এই বিষয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন, বিষয়টি আমার জানা নেই, আমি বাইরে আছি। তবে এই ঘটনার নিন্দা করছি। দোষীদের বিরুদ্ধে পুলিস আইনানুগ ব্যবস্থা নিক।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ