Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জয়পুরে রামকৃষ্ণ আশ্রমে মা সারদার জন্মদিবসে পূজা ও সামাজিক কর্মসূচি

জয়পুরে রামকৃষ্ণ আশ্রমে মা সারদার জন্মদিবসে পূজা ও সামাজিক কর্মসূচি
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: জয়পুরের হিজলডিহা রামকৃষ্ণ আশ্রমে মঙ্গলবার মা সারদার ১৭২তম জন্মদিবস শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালিত হল। এই উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রায় আশপাশের বিভিন্ন গ্রাম থেকে ভক্তরা অংশ নেন। এদিন ভোরে মঙ্গলারতির মধ্য দিয়ে মা সারদার আরাধনা শুরু হয়। বিশেষ পূজা, হোমযজ্ঞ, শ্রীমায়ের ষোড়শোপচার পূজা, চণ্ডীপাঠ, প্রসাদ বিতরণ ও দুঃস্থদের শীতবস্ত্র দানের মাধ্যমে এই দিনটি পালিত হয়।
Advertisement
হিজলডিহা রামকৃষ্ণ আশ্রম ও বিবেকানন্দ সেবা সমিতির সম্পাদক বিকাশ পালধি বলেন, মা সারদার জন্মদিবস উপলক্ষ্যে মঙ্গলবার আশ্রমে ভক্তিমূলক ও সামাজিক নানা অনুষ্ঠান হয়। আগামী ১ জানুয়ারি এই আশ্রমে কল্পতরু উৎসব আয়োজন করা হবে। এদিন মা সারদার জন্মদিবস উপলক্ষ্যে শোভাযাত্রায় প্রচুর ভক্ত অংশ নিয়েছিলেন। মায়ের জীবনী নিয়ে এদিন একটি আলোচনা সভাও হয়েছে। তাতে কোয়ালপাড়া রামকৃষ্ণ যোগাশ্রমের সন্ন্যাসী ধ্রুবপ্রদানন্দজী অংশ নেন। এছাড়া, এদিন ১৫০জন  দুঃস্থ মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আশ্রমের অপর এক সদস্য শান্তিনাথ চক্রবর্তী বলেন, আগামী ১ জানুয়ারি ভোরে একইভাবে মঙ্গলারতির মাধ্যমে কল্পতরু উৎসবের সূচনা হবে। ওইদিন দিনভর ধর্মীয় অনুষ্ঠান হবে। সেইসঙ্গে কোতুলপুর ও জয়পুর হাসপাতালে ভর্তি থাকা রোগীদের শীতবস্ত্র দেওয়া হবে। এছাড়া, আগামী ৫ জানুয়ারি আশ্রমে শ্রীরামকৃষ্ণ কথামৃতকার মহেন্দ্রনাথ গুপ্ত ও অক্ষয়কুমার সেনের স্মরণে একটি শ্রদ্ধাঞ্জলি ভক্ত সম্মেলন আয়োজন করা হয়েছে। ওইদিন আলোচক হিসেবে বেলুড় মঠের একাধিক মহারাজ ও বিষ্ণুপুর ঘরানার সঙ্গীতশিল্পীরা উপস্থিত থাকবেন।
জয়পুরের হিজলডিহা গ্রাম প্রত্যন্ত এলাকা। ৪০বছর আগে এখানে রামকৃষ্ণ আশ্রম ও বিবেকানন্দ সেবা সমিতি গড়ে উঠেছিল। আশ্রমের তরফে সারা বছরই ধর্মীয় ও সামাজিক নানা কর্মসূচি নেওয়া হয়। দুর্গাপুজো ছাড়াও জগদ্ধাত্রী পুজোয় হিজলডিহা, ময়নাপুর, কুচিয়াকোল, নতুনগ্রাম, আড়শোল, বৈতল প্রভৃতি গ্রামের মানুষ আশ্রমে আসেন। বছরের বিভিন্ন সময়ে রক্তদান, বস্ত্রদান, ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক দেওয়া, দুঃস্থদের খাদ্যসামগ্রী বিতরণ প্রভৃতি সামাজিক কর্মসূচি নেওয়া হয়। তাতে এলাকার মানুষের খুবই ভালো সাড়া পাওয়া যায়। মঙ্গলবার মা সারদার জন্মদিবস উপলক্ষ্যে আশ্রমে ভক্ত ও সাধারণ মানুষের ভিড় দেখা যায়।
সম্পর্কিত সংবাদ