সংবাদদাতা, বিষ্ণুপুর: পোষা মুরগি অন্যের বাড়িতে চলে গিয়েছিল। তা নিয়ে শুরু হয় বচসা। সেই সময় কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করা হয় সৈয়দ আলি মিদ্যাকে। ওই খুনের ঘটনায় আরও দুই মহিলাকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতদের নাম জান্নাতারা বিবি ও জাহানারা বেগম। তাদের বাড়ি পাত্রসায়রের ধগড়িয়ায়। সেখান থেকে বুধবার পুলিস তাদের গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, খুনের ঘটনায় আগেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এদিন আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হল।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বছর ৩১ ডিসেম্বর ঘটনাটি ঘটে। মৃত সৈয়দ আলির ছেলে রাজেশ মিদ্যার কয়েকটি পোষা মুরগি রয়েছে। খাবারের সন্ধানে দু’টি মুরগি প্রতিবেশী জয়নাল শেখের বাড়িতে চলে যায়। তার জেরে জয়নাল ও তার পরিবারের লোকজন রাজেশের বাড়ির সামনে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। ওই সময় দু’পক্ষের মধ্যে বচসা হয়। পরে যে যার বাড়ি চলে যায়। কিছুক্ষণ পরে জয়নাল ও তার পরিবারের আট দশজন লাঠিসোঁটা, শাবল, কুড়ুল নিয়ে রাজেশের বাড়িতে চড়াও হয়। গালিগালাজ শুনে ঘর থেকে বেরিয়ে এলে রাজেশকে যথেচ্ছভাবে কিল ও ঘুসি মারা হয়। তা দেখে রাজেশের মা ও বাবা দু’জনেই বেরিয়ে আসেন। বাঁচাতে গেলে রাজেশের মা ঊর্মিলা বেগমকে রড দিয়ে মারা হয়। তিনি যন্ত্রণায় কাতরাতে থাকেন। সৈয়দ আলিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে কুড়ুল দিয়ে মাথায় একাধিকবার আঘাত করা হয়। তাঁর মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরতে থাকে। তাঁদের চিৎকার শুনে গ্রামের অন্যান্যরা চলে এলে আক্রমণকারীরা পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় সৈয়দ আলিকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহ পর সেখানেই তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় আগেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল।



