সংবাদদাতা, বিষ্ণুপুর: জয়পুরে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যুর ঘটনায় অবশেষে সেই ওঝাকে পুলিস গ্রেপ্তার করল। ধৃতের নাম বলরাম কুণ্ডু। বিষ্ণুপুরের সিএমওএইচের অভিযোগের ভিত্তিতে বুধবারই তার বিরুদ্ধে পুলিস এফআইআর দায়ের করে। ওইদিন রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃতকে দু’দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই ওঝাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, জয়পুরের ডাঙরপাড়ার বাসিন্দা ষষ্ঠ শ্রেণির ছাত্র ঋজু লোহারকে কুকুরে কামড়ায়। তাকে ওঝা বলরাম কুণ্ডুর কাছে নিয়ে যাওয়া হলে তেল ও জলপড়া খাওয়ান। তারই পরামর্শে ক্ষতস্থানে চুন লাগানো হয়। তাতেই রোগ সেরে যাবে বলে জানানো হয়। কিন্তু, ১১তারিখ সন্ধ্যার পর থেকে ঋজু অসুস্থ হলে তাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন বুধবার সকালে তার মৃত্যু হয়। এনিয়ে তদন্তের পর বুধবার বিষ্ণুপুরের সিএমওএইচ গোপাল দাস ওই ওঝার বিরুদ্ধে পুলিসের কাছে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিস মামলা রুজু করে। ওইদিনই রাতে তাকে গ্রেপ্তার করা হয়।



