সংবাদদাতা, বিষ্ণুপুর: জয়পুরে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যুর ঘটনায় অবশেষে ওঝার বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিস। বিষ্ণুপুরের সিএমওএইচের অভিযোগের ভিত্তিতে জয়পুরের বেলিয়া গ্রামের বাসিন্দা এই ওঝার বিরুদ্ধে জয়পুর থানার পুলিস বুধবার এফআইআর দায়ের করেছে। বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস বলেন, বেলিয়া গ্রামের এক ওঝার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ পেয়েছি। সেইমতো তাকে গ্রেপ্তার করতে বলা হয়েছে। বিষ্ণুপুরের সিএমওএইচ গোপাল দাস বলেন, কুকুরের কামড় দেওয়ার পর ওঝার পরামর্শে পরিবারের লোকেরা রোগীকে হাসপাতালে নিয়ে যাননি। অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন না দেওয়ার কারণে ষষ্ঠ শ্রেণির ওই বালকের শরীরে তিনমাস পর জলাতঙ্ক রোগের উপসর্গ দেখা দেয়। এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। ওই ঘটনার তদন্তে নেমে ওঝার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গিয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে যাতে আইনি পদক্ষেপ নেওয়া হয় সেজন্য পুলিসের কাছে অভিযোগ জানানো হয়েছে।
Advertisement
এব্যাপারে ভারতীয় যুক্তিবাদী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সৌম্য সেনগুপ্ত বলেন, জলাতঙ্কের টিকা না দিয়ে ওঝার কাছে চিকিৎসার জেরে একটি তরতাজা বালকের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে আমরাও গ্রামে গিয়ে কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা শিবির করেছি। কিন্তু গ্রামে ওঝাদের বাড়বাড়ন্ত রুখতে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলে তবেই এধরনের ঘটনা এড়ানো যাবে।
প্রসঙ্গত, তিনমাস আগে গ্রামের পুকুরে মাছ ধরা দেখতে গিয়ে জয়পুরের ডাঙরপাড়ার বাসিন্দা ষষ্ঠ শ্রেণির ছাত্র রিজু লোহারকে কুকুরে কামড়ায়। পরিবারের লোকেরা রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে না নিয়ে গিয়ে স্থানীয় বেলিয়া গ্রামে এক ওঝার কাছে নিয়ে যান। ওঝার কাছে তেল ও জলপড়া খাওয়ান। তারই পরামর্শে ক্ষতস্থানে চুন লাগিয়ে বাড়ি ফিরে আসে। পরবর্তীতে ক্ষতস্থান শুকিয়ে যায়। রিজু স্বাভাবিক জীবনযাপন করতে থাকে। কিন্তু চলতি মাসের ১১ তারিখ সন্ধ্যার পর থেকে রিজুর মুখে লালারস বেরতে থাকে। অস্বাভাবিক আচরণ করতে থাকে। তখন তাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন ১২ জানুয়ারি বুধবার সকালে তার মৃত্যু হয়। ওই ঘটনায় স্বাস্থ্যদপ্তর নড়েচড়ে বসে। সেই সঙ্গে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্যরাও খোঁজ নেন। বৃহস্পতিবারওই গ্রামে গিয়ে যৌথভাবে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি স্বাস্থ্য আধিকারিকরা গ্রামে গিয়ে তদন্ত করেন। তাতে ওঝার বিরুদ্ধে অভিযোগ পান। এরপরেই বুধবার বিষ্ণুপুরের সিএমওএইচ ওঝার বিরুদ্ধে পুলিসের কাছে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিস মামলা রুজু করেছে। এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে বলে পুলিস জানিয়েছে।