সংবাদদাতা, বিষ্ণুপুর: বাপের বাড়ি থেকে টাকা না আনায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে প্রাণে মারার চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার পুলিস জয়পুরের বাঁশি গ্রাম থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম সুজিত মাজি। এদিন বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, চারবছর আগে জয়পুরের বাঁশি গ্রামের বাসিন্দা সুজিতের সঙ্গে ইন্দাসের ভগবানবাটি গ্রামের বিদ্যাবতীর বিয়ে হয়। তাঁদের একটি তিনবছরের ছেলে ও দেড় বছরের মেয়ে রয়েছে। অভিযোগ মেয়ে হওয়ার পর থেকে বধূকে তাঁর বাপেরবাড়ি থেকে ৫০হাজার টাকা আনার জন্য সুজিত চাপ দেওয়া শুরু করে। কিন্তু, বিদ্যাবতীর বাবা তা দিতে অসমর্থ হওয়ায় তাঁর উপর অত্যাচার শুরু হয়। কয়েকদিন আগে তাঁকে বালিশ চাপা দিয়ে প্রাণে মারার চেষ্টা করা হয়। ওই সময় তাঁদের শিশু সন্তানের চিৎকারে শ্বশুর ও শাশুড়ি এসে যাওয়ায় প্রাণে বাঁচেন। বিদ্যাবতী বাপেরবাড়ি চলে আসেন। কিন্তু, সেখানে গিয়েও অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং খুনের হুমকি দেওয়া হয়। এই পরিস্থিতিতে সুজিতের শাস্তির দাবিতে বিদ্যাবতী জয়পুর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার পুলিস সুজিতকে গ্রেপ্তার করে।



