Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জয় বীরপাড়া নদীতে হড়পা, জয়গাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

ভুটান পাহাড়ে ভারী বৃষ্টি। তার জেরে শনিবার সকাল ১০টা নাগাদ বীরপাড়া থানা এলাকার জয় বীরপাড়া নদীতে আচমকা হড়পা বান। এদিন ওই হড়পা বানের স্থায়িত্ব ছিল বিকেল ৪টা পর্যন্ত।

জয় বীরপাড়া নদীতে হড়পা, জয়গাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
  • ১০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: ভুটান পাহাড়ে ভারী বৃষ্টি। তার জেরে শনিবার সকাল ১০টা নাগাদ বীরপাড়া থানা এলাকার জয় বীরপাড়া নদীতে আচমকা হড়পা বান। এদিন ওই হড়পা বানের স্থায়িত্ব ছিল বিকেল ৪টা পর্যন্ত। ফলে এদিন টানা ছ’ঘণ্টা ধরে বীরপাড়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বান্দাপানি গ্রাম পঞ্চায়েতের জয় বীরপাড়া, ঢেকলাপাড়া ও বান্দাপানি চা বাগান সহ বিস্তীর্ণ এলাকা। বিকাল ৪টার পর সংশ্লিষ্ট ওই নদী থেকে জল নেমে গেলে যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক হয়। 

Advertisement

জয় বীরপাড়া নদীতে পাকা সেতু নেই। এই নদী কার্যত শুকনোই থাকে। কারণ পাহাড়ী নদী হওয়ায় বৃষ্টি হলেও জল নেমে যায়। বাসিন্দারা চর হেঁটে নদী পেরিয়ে বীরপাড়া সদরে যাতায়াত করেন। যানবাহনও চলাচল করে চরের উপর দিয়েই। বান্দাপানি গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সদস্য টিম্পু ওরাওঁ বলেন, এদিন সকালে নদী শুকনোই ছিল। কিন্তু ভুটান পাহাড়ে টানা বৃষ্টির কারণে সকাল ১০টা নাগাদ আচমকা হড়পা বানে যাতায়াত বন্ধ হয়ে যায়। বিকেলে জল নেমে গেলে ফের যাতায়াত স্বাভাবিক হয়। হড়পা বানে কেউ ভেসে না গেলেও সবাইকে সাবধান করা হয়েছে। সবাই যেন সতর্ক হয়ে নদী পারাপার করেন। 
এদিকে, ভুটানে ভারী বৃষ্টির জেরে কালচিনির নদীগুলি ফুঁসতে শুরু করেছে। বাসরা ও পানা নদীর জলে প্লাবিত হওয়ায় তিন দিন ধরে সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান ব্লক সদর থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। জলের তোড়ে কালচিনি থেকে সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান যাওয়ার রাস্তা ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। কালচিনির বিডিও মিঠুন মজুমদার বলেন, লাগাতার বৃষ্টির কারণে সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান কয়েক দিন ধরে বিচ্ছিন্ন হয়ে ছিল। তবে শনিবার থেকে ওই চা বাগানের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ