সংবাদদাতা, বানারহাট: কর্মরত অবস্থায় সিআরপিএফ জওয়ানের আকস্মিক মৃত্যুতে বানারহাট ব্লকের রেডব্যাঙ্ক চা বাগানের শ্রমিক মহল্লায় শোকের ছায়া নেমে এল। একমাত্র উপার্জনক্ষম ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবারের সদস্যরা। মৃত জওয়ানের নাম বিনোদ মিনজ (৪২)। বাড়ি রেডব্যাঙ্ক চা বাগানের গরজু লাইনে। শুক্রবার ভোরে তাঁর মৃত্যুর খবর আসে পরিবারের কাছে। পুজোতে বাড়িতে এসে সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে গিয়েছেন। আগামী বড়দিনে ফের বাড়িতে আসবেন এমনই আশা দিয়ে গিয়েছিলেন ছ’বছরের একমাত্র কন্যাকে। কিন্তু সেই ফেরা আর হল না। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিনোদবাবু সিআরপিএফে রাচীর জমুরাতে কর্মরত ছিলেন। শুক্রবার রাতে তাঁর বুকে ব্যথা শুরু হয়। হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।



